২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিদ্যুৎ সঙ্কট-যানজট, অর্থমন্ত্রীর ক্ষোভ

সিলেটে বিদ্যুৎ সঙ্কট ও যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

সিলেট, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বিদ্যুৎ সঙ্কট ও যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 'বিদ্যুৎ, যানজট ও পরিবহন সমস্যা' নিয়ে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। বিদ্যুতের সমস্যা চিহ্নিত করে এর সমাধানের উপায় বের করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনদিনের সময় বেধে দেন তিনি। অপরদিকে যানজট নিরসনে ইজিবাইক ও রিক্সার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সিলেটে একসময় বিদ্যুৎ ব্যবস্থা ভাল ছিল। কিন্তু হঠাৎ করে ভোগান্তি বেড়েছে। রমজান মাসে যাতে মানুষকে বিদ্যুৎ নিয়ে ভোগান্তির শিকার হতে না হয় সেজন্য বিদ্যুৎ বিভাগকে আগাম পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। সিলেটের যানজট নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ইজিবাইক সরকার অবৈধ ঘোষণা করেছে। এরপরও এগুলো রাস্তায় চলছে। নগরীর যানজট কমাতে হলে অবৈধ রিকশা ও ইজিবাইক তুলে দিতে হবে। সভায় ট্রাক শ্রমিকদের পক্ষ থেকে দিনের বেলা নগরীর ভেতরে ট্রাক চলাচলের অনুমতি চাওয়া হলে অর্থমন্ত্রী তা নাকচ করে দেন। সিলেটের বিভিন্ন সড়কে বাঁশকল ফেলে টোল আদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বৈধ ইজারাদাররা বাঁশকল ফেলে টোল আদায় করতে চাইলে টোলকর্মীদের ইউনিফর্ম পরিধান করতে হবে। এছাড়া মন্ত্রী পরিবেশ দূষণকারী ছাড়পত্রহীন অবৈধ পাথর ভাঙ্গার মেশিন উচ্ছেদ করতে প্রশাসনকে নির্দেশ দেন। সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০২ ঘ.