২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খবরদারিই অন্তরায় স্বাধীন সাংবাদিকতায়'

স্বাধীন সাংবাদিকতা পরিবেশ দেশে এখনো নিশ্চিত হয়নি বলে ঢাকায় এক আলোচনা সভায় মত প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে পুঁজিপতি ও অগণতান্ত্রিক শাসকদের খবরদারিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন সাংবাদিকতা পরিবেশ দেশে এখনো নিশ্চিত হয়নি বলে ঢাকায় এক আলোচনা সভায় মত প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়েছে পুঁজিপতি ও অগণতান্ত্রিক শাসকদের খবরদারিকে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জার্নালিজম অ্যান্ড পিস ফাউন্ডেশন (জেপিএফ) আয়োজিত 'সত্য, শান্তি ও সাংবাদিকতা' শীর্ষক সভায় বক্তারা এ মত প্রকাশ করেন। এ আলোচনা সভার মধ্য দিয়ে জেপিএফ সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। সভায় মূল প্রবন্ধে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হারুণ হাবীব বলেন, রাষ্ট্রশক্তি সৎ সাংবাদিকতার একমাত্র প্রতিপক্ষ নয়। প্রভাবশালী কর্পোরেট পুঁজি, সংঘবদ্ধ চোরাচালানি চক্র, উগ্রধর্মবাদ ও উগ্র বাণিজ্যবাদ, অগণতান্ত্রিক শাসক, ক্ষমতার অবৈধ দখলদাররা সৎ সাংবাদিকতার কণ্ঠরোধ করছে। "সংবাদ মাধ্যম আজ বড় পুঁজির বড় শিল্প। পুঁজির পূজাতেই সাংবাদিকতা নিয়ন্ত্রিত হওয়া দুর্ভাগ্যজনক", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, "স্বাধীন সাংবাদিকতার জন্য যে পরিবেশ, আমাদের রাষ্ট্র তা নিশ্চিত করতে পারেনি। এ কারণে ভূমিদস্যুরা ও জনগণের মালিকানাধীন ব্যাংকের টাকা লোপাটকারীরা গণমাধ্যমের মালিক হয়েছেন।" রাজনীতিকদের সঙ্গে সাংবাদিকদের ভালো সম্পর্কের নজির সব দেশে থাকলেও বাংলাদেশে এর ক্ষতিক্ষর প্রভাব বেশি বলে তুলে ধরেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম বলেন, মিথ্যা সংবাদকে সত্য বলে প্রচার করতে চান ক্ষমতাবানরা। কিন্তু শুধু ব্যবসার খাতিরে এটা করা ঠিক নয়। ইংরেজি দৈনিকের এ সম্পাদক ইউরোপে সংবাদপত্র শিল্পে সঙ্কটের বিষয়টি তুলে ধরে নতুন ধারণার বিকাশ ঘটানোর পরামর্শ দেন। সাংবাদিকদের প্রশিক্ষণের ওপরও জোর দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম, শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাংবাদিক সালেহ চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৮০০ ঘ.