খুলনা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর রায়পাড়ায় সন্ত্রাসীরা বেসরকারি সংস্থা ব্র্যাক'র এক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রায়পাড়া মেট্রাপলিটন ক্লিনিকের সামনে শ্যামল রায় (৪৫) নামের ওই কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি গোপালগঞ্জে ব্র্যাকের টিম ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক প্রবীর বিশ্বাস জানান, শ্যামল রায় ও তার তিন সহকর্মী বৃহস্পতিবার দাপ্তরিক কাজে মাগুরা যান। সেখান থেকে ফিরে রাত পৌনে ১টার দিকে শ্যামল খুলনার নগরীর শিববাড়ি মোড়ে বাস থেকে নেমে বাসার পথে রিক্সা নেন।
রায়পাড়ায় বাসার কাছে রিক্সা থেকে নামার পর মেট্রোপলিটন ক্লিনিকের কাছে ৩/৪জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। তারা শ্যামলকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই শ্যামলের মৃত্যু হয়।
রাত দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে শ্যামলকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। শ্যামলের কাছে থাকা অফিসিয়াল ব্যাগ ও মোবাইল ফোন সন্ত্রাসীরা নেয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/কেএমএস/১৬১১ ঘ.
bdnews24