চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে বৃহস্পতিবার হাসপাতালে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির।
বিকালে তিনি প্রথমে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ের সেন্টার পয়েন্ট হাসপাতাল এবং পরে সার্জিস্কোপ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন।
গত সোমবার মিরসরাই স্টেডিয়াম থেকে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেণ্টে'র খেলা দেখে ফেরার পথে মায়ানি ইউনিয়নের সৈদালী গ্রামে একটি ছোট ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৩৭ জন স্কুলছাত্রসহ ৩৯ জনের মৃত্যু হয়।
ওই ঘটনায় আহত ১৬ জন নগরীর ওই দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বিকাল সাড়ে ৪টার দিকে সেন্টার পয়েন্ট হাসপাতালের আইসিইউ-এ (ইনটেনসিভ কেয়ার ইউনিটে) চিকিৎসাধীন আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র রায়হান ও নয়ন শীলকে দেখতে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এ সময় তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি।
এরপর তিনি ওই হাসপাতালের বিভিন্ন কক্ষে চিকিৎসাধীন অন্য ১২ জনকে দেখেন। তার পক্ষ থেকে আহতদের প্রত্যেককে তিন হাজার করে টাকা দেওয়া হয়।
প্রতিমন্ত্রী এ সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের দেখতে ও তাদের চিকিৎসার খোঁজ নিতে এসেছি। সবাই মোটামুটি আশঙ্কামুক্ত। আশা করি দু'এক দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠবে।"
এ সময় সংসদ সদস্য চেমন আরা তৈয়ব ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সেন্টার পয়েন্ট হাসপাতালের ইনচার্জ ডা. পুষ্পল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইসিইউতে চিকিৎসাধীন দুজন অনেকটাই আশঙ্কামুক্ত। তাদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। অন্যরাও মোটামুটি ভালো আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/২২৪৮ ঘ.
bdnews24