সাতক্ষীরা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় এক মুরগি ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেয়ার সময় জনতার ধাওয়া খেয়ে অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে গেছে দুই সন্ত্রাসী।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের ইটাগাছা মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সরতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খান জানান, সদর উপজেলার দহাখুলা গ্রামের মুরগি ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন দুপুরে শহরের ইটাগাছা মোড়ে পাওনা টাকা নিতে আসেন। এসময় ইটাগাছা এলাকার আমির হোসেনের ছেলে আল আমিন ও তার ভাই সোয়েল অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে টাকা কেড়ে নিতে গেলে তিনি চিৎকার দেন।
স্থানীয় জনতা আল আমিন ও সোহেলকে ধাওয়া করলে তারা একটি শাটারগান ও রাইফেলের এক রাউন্ড গুলি ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন মামলার প্রস্তুতি নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১৭ ঘ.
bdnews24