ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার সম্পূরক অভিযোগপত্র দেখতে চেয়েছে সর্বোচ্চ আদালত এবং তা দিতে হবে আগামী ২১ জুলাইয়ের মধ্যে।
ওই মামলায় নতুন করে আসামি হওয়া সাইফুল ইসলাম ডিউকের জামিন বাতিল সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের প্রতি এ আদেশ হয়। ওই আবেদনের শুনানি ২১ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।
খালেদা জিয়া ভাগ্নে ডিউকের জামিন আবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের (লিভ টু আপিল) শুনানিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দেয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ওই ঘটনায় সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার আগে হাইকোর্ট ডিউককে জামিন দিয়েছিলো। এখন অভিযোগপত্র দেওয়া হয়েছে। যাতে তার নাম এসেছে। সুতরাং পরিবর্তিত অবস্থায় ওই জামিন বহাল থাকতে পারে না।
অন্যদিকে ডিউকের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, অভিযোগপত্র দেওয়ার আগে ও পরে ডিউকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। তাই জামিন বহাল রাখতে কোনো বাধা নেই।
ওই মামলায় ডিউককে গ্রেপ্তার দেখানোর পর গত ৪ মে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলো। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৮ মে চেম্বার বিচারপতি ও আদেশের কার্যকারিতা স্থগিত করে শুনানির জন্য তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার সম্পূরক অভিযোগপত্র গত ৩ জুলাই আদালতে জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এতে ডিউক ছাড়াও খালেদার বড় ছেলে তারেক রহমানসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯০০ ঘ.
bdnews24