লালমনিরহাট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের বুড়িমারীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে সীমান্ত বৈঠক হয়েছে।
বৃহস্পতিবার বুড়িমারী কোম্পানি সদরে বিজিবি ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা এই বৈঠক হয়।
বৈঠক শেষে লালমনিরহাট ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আসলাম হোসেন সাংবাদিকদের জানান, উভয় দেশের সীমান্তে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি, সীমান্ত সুরক্ষায় যৌথ টহল জোরদার, ছিটমহলের জনসংখ্যা জরিপে নিয়োজিত সুপারভাইজার ও গণনাকারীদের নিরাপত্তা এবং সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিজিবির ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে. কর্ণেল আসলাম হোসেন। অন্য সদস্যরা হলেন ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর রুহুল আমিন, বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল বাসেত।
অপরদিকে ভারতের ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুচবিহারের চ্যাংরাবান্ধা ১০৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী ভিরেন্দ্র শিং, ডেপুটি কমান্ড্যান্ট সুনিল কুমার, কোম্পানি কমান্ড্যান্ট আরকে শর্মা, কোম্পানি কমান্ড্যান্ট এসকে মণ্ডল, কোম্পানি কমান্ড্যান্ট সুকবির শিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫৭ ঘ.
bdnews24