গাইবান্ধা, ১৪ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে বহুমুখী সেতু নির্মাণসহ তিনটি দাবিতে জেলা শহরে মানববন্ধন করেছেন জেলাবাসী।
বৃহস্পতিবার গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ মানববন্ধন হয়।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনটি শহরের সুখ-শান্তির মোড় থেকে ডিবি রোড হয়ে পাঁচ কিলোমিটার দূরে পুরাতন বাজারে গিয়ে শেষ হয়। এতে ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের মানুষ অংশ নেন।
অন্য দুটি দাবির মধ্যে রয়েছে- জেলা শহরের বাইপাস সড়ক ও কুড়িগ্রাম-গাইবান্ধা-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, পৌর মেয়র মো. শামছুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি গোবিন্দলাল দাস, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধার সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা মটর-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মো. আবু হোসেন, ব্যবসায়ী নেতা মাকসুদার রহমান শাহান, আব্দুর রশিদ, কাজী হামিদুল হক, মোক্তাদির রহমান মিঠু, সাইদুর রহমান বাবু, সুদেব চৌধুরী, প্রতাপ ঘোষ প্রমুখ ।
শাহজাদা আনোয়ারুল কাদির বলেন, এক সময় উত্তরাঞ্চলের ব্যবসার প্রাণকেন্দ্র ছিল গাইবান্ধা। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে এ জেলার ব্রহ্মপুত্রের বালাসীঘাটে একটি বহুমুখী সেতু নির্মাণ করা আজ সময়ের দাবি। এ সেতু হলে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ঢাকা, সিলেট ও বৃহত্তর ময়মনসিংহের সরাসরি সড়ক ও রেল যোগাযোগ চালু হবে। এতে রংপুর বিভাগের সঙ্গে রাজধানীর দূরত্ব কমবে ও যানজটও হ্রাস পাবে।
মেয়র মো. শামছুল আলম বলেন, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গাইবান্ধা-বালাসী-বাহাদুরাবাদ-ময়মনসিংহ রুটে সরাসরি রেল যোগাযোগ বন্ধ হওয়ায় রংপুর বিভাগের সঙ্গে জামালপুর, শেরপুর ও ময়মনসিংহের সরাসরি যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এ কারণে ওই অঞ্চলের সঙ্গে রংপুর অঞ্চলের দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্যের যে সম্পর্ক গড়ে উঠেছিলো তা বন্ধ হয়ে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৩২ ঘ.
bdnews24