ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজানে যানজট এড়াতে রাজধানীর স্কুল-কলেজগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, "প্রতিবারে রমজানে যানজট চরম আকার ধারণ করে। স্কুল-কলেজ বন্ধ থাকলে যানজট নিয়ন্ত্রণে থাকবে। তাই স্কুল-কলেজ বন্ধ রাখার সুপারিশ করা হবে।"
রমজানে রাজধানীর ফুটপাতগুলোতে যেন বেশি সংখ্যক হকার বসতে না পারে সে জন্য নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ফুটপাতের ব্যবসায়ীরা যাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।
রমজানে ইফতার ও অন্যান্য খাবারে ভেজাল ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।
মহাসড়কে যানজট নিরসনে প্রয়োজনীয় মেরামত কাজ এবং সড়কের পাশের হাট-বাজার তুলে দেওয়ার জন্যও যোগাযোগ মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলে জানান মন্ত্রী।
রমজানে ইফতার ও সেহরির সময় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সংশিষ্ট দপ্তরকে অনুরোধ জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রাজধানীর বিপণি বিতানগুলোতে আলোকসজ্জা না করতেও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঈদের আগে পোশাক খাতে কোনো অরাজক পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। ঈদের আগে শ্রমিকদের বেতনভাতা ও বোনাস পরিশোধের জন্যও মালিক পক্ষকে আহবান জানান সাহারা।
ঈদে গাড়িগুলো যেন অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ট্রাকে মানুষ পরিবহন করা হলে আইন-অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
২১ অগাস্ট মামলার আসামি খালেদা জিয়ার ছেলে তারেক রহমাানকে দেশে ফেরাতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সাহারা বলেন, "এটি আদালতের বিষয়, আদালত যেভাবে আদেশ করবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24