২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুই ছেলে' খুন করল মাকে

অন্যত্র বিয়ে করায় সিরাজগঞ্জ সদর উপজেলায় মাকে হত্যার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 07:26 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

সিরাজগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যত্র বিয়ে করায় সিরাজগঞ্জ সদর উপজেলায় মাকে হত্যার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় বাগবাটি ইউনিয়নের দলডব গ্রামে নিহত হন কোহিনুর বেগম (৪০)। গ্রেপ্তার দুই সহোদর হলেন আব্দুল করিম (২৫) ও আব্দুস সালাম (১৫)। কোহিনুরের বড় ভাই হারুনর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭ বছর আগে কোহিনুরের বিয়ে হয়। তাদের পাঁচ ছেলে রয়েছে। পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। হারুনর রশিদ বলেন, মাস খানেক আগে কোহিনুর বিয়ে করেন বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রামের রহমত মণ্ডলকে। বুধবার কোহিনুর দলডব গ্রামে মায়ের বাড়ি বেড়াতে আসেন। সন্ধ্যার আগে কোহিনুরের দুই ছেলে আব্দুল করিম ও আব্দুস সালাম ওই বাড়ি গিয়ে কোহিনুররের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে তারা তাকে জবাই করেন। তার চিৎকার শুনে তিনি কোহিনুরকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে লোকজন এসে এই দু'ভাইকে আটক করে পুলিশে দেয়। হাসপাতালে নেওয়ার পথে কোহিনুরের মৃত্যু হয়। সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এন্টিকাটার দিয়ে জবাই করে কোহিনুরকে হত্যা করা হয়েছে। স্থানীয় জনতা অভিযুক্ত দুই ছেলেকে আটক করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি এন্টিকাটারসহ পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানা হেফাজতে আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নানির বাড়ি গিয়ে মাকে আমাদের সঙ্গে যেতে বললে তিনি রাজি হননি। তাই ক্ষোভে এন্টিকাটার দিয়ে মাকে গলা কেটে দিয়েছি। আব্দুল করিম ভাইদের মধ্যে বড় এবং আব্দুস সালাম চতুর্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২২ ঘ.