২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ

বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

গোপালগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। উপজেলার বর্নি গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। গুরুতর আহত ৯ জনকে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়। বর্নি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আহাদ আলী শেখ জানান, ওই গ্রামের চাঁন মিয়া ফকির ও শহিদ ফকিরের সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। শহীদ ফকিরের এক আত্মীয়ের বিয়েতে চাঁন মিয়া ফকিরকে দাওয়াত না দিলে মঙ্গলবার বিকাল চাঁন মিয়ার সমর্থক বাবুল ফকিরের সঙ্গে শহীদের সমর্থক জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। এর জেরে রাত ১০টার দিকে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাজহারুল হক বলেন, "সংঘর্ষের কথা শুনেছি। এ ব্যাপারে এখনো কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.