ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যক্ষ নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যেই ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ বাতিল করে ঢাকার জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে সরকার।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান পরিচালনা পর্ষদ পরিস্থিতি সামাল দিতে না পারায় তা বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক মহিবুল হকের নেতৃত্বে চার সদস্যের অ্যাডহক কমিটিই আপাতত প্রতিষ্ঠানটির দেখভাল করবে।"
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের জারি করা আদেশে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের মেয়াদ গত বছর ২৯ আগস্ট দুই বছর পূর্ণ হয়। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় এই কমিটি বাতিল করা হয়েছে।
অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে পৃথক আদেশে বলা হয়, 'ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে প্রবিধানমালা, ২০০৯ এর অনুচ্ছেদ ৩৯ এর (ক) এর নির্দেশনা মোতাবেক অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে ঢাকা জেলা প্রশাসককে মনোনয়ন দেওয়া হলো।"
ঢাকার জেলা প্রশাসক নতুন কমিটির অভিভাবক প্রতিনিধি এবং ঢাকা জেলা শিক্ষা অফিসার এই কমিটির শিক্ষক প্রতিনিধি মনোনয়ন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
রাজধানীর ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার অধ্যক্ষ নিয়েও জটিলতা তৈরি হয়।
শিক্ষকরা জানান, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য বৈঠক করে অধ্যক্ষ হোসনে আরাকে অপসারণের সিদ্ধান্ত নেয়। তবে ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নিজেকে বৈধ অধ্যক্ষ বলে দাবি করেন হোসনে আরা। ওই পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. দিলীপ রায়ও দাবি করেছেন, অপসারণের এই সিদ্ধান্ত পর্ষদের নয়।
এই পরিস্থিতির মধ্যেই বুধবার সকালে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের বেইলি রোডের মূল ক্যাম্পাসে অধ্যক্ষের চেয়ারে বসেন জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে ফাহিমা খাতুন বলেন, প্রতিষ্ঠানের ঐতিহ্য ও শিক্ষক-শিক্ষার্থীদের অনুভূতির বিষয়টি বিবেচনায় রেখেই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি করা হয়েছে। তবে অধ্যক্ষ পদে কে থাকবেন তা বিধি অনুযায়ী পরিচালনা পর্ষদই নির্ধরণ করে থাকে।
"আগের পরিচালনা পর্ষদ যদি বৈধভাবে হোসনে আরাকে অপসারণ করে থাকেন- তাহলে তাই ভ্যালিড হবে। আর যদি তাদের সিদ্ধান্ত অবৈধ হয়ে থাকে- তাহলে তা কার্যকরা হবে না," যোগ করেন তিনি।
এখন থেকে অ্যাডহক কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে জানিয়ে অধ্যাপক ফাহিমা বলেন, "গতকাল পর্যন্ত যা হয়েছে তা সেখানেই শেষ।"
এর আগে বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার দপ্তরে সাংবাদিকদের বলেন, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ নিয়ে জটিলতার অবসান বুধবারই হবে।
তিনি বলেন, "অধ্যক্ষ অপসারণের বিষয়ে মন্ত্রণালয়কে কিছুই জানানো হয়নি। এ বিষয়ে আমরা কিছুই জানি না। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্যদের সভাপতি স্থানীয় সংসদ সদস্য (রাশেদ খান মেনন)। তিনি দেশে নেই। যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও অধ্যক্ষ অপসারণের বিষয়ে কিছু জানেন না। এখানে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা বোঝা যাচ্ছে।"
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ (মাধ্যমিক) সংশি
bdnews24