ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মামলায় বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সাজা বাতিল হয়েছে যে আপিলে সেটির ফের শুনানি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
কর ফাঁকির এ মামলায় নিু আদালতে শাহ আলমের আট বছর সাজা হয়েছিলো। গত ২০ জুন হাইকোর্ট আকবর সোবহানের আপিল মঞ্জুর করে নিু আদালতের সাজা বাতিলের রায় দেয়।
বুধবার হাইকোর্টে বিচারপতি এম এ হাই ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চে ওই মামলায় পুনঃশুনানির সুযোগ দেওয়া যায় কি না- এ বিষয়ের ওপর শুনানি হয়। রাষ্ট্রপক্ষ ও আকবর সোবহানের পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত ১৯ জুলাই বিষয়টি শুনানির জন্য উপস্থাপনের নির্দেশ দেয়।
আপিলের পুনরায় শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বুধবার আদালতে আবেদন করেন। এ সময় এর বিরোধিতা করেন আকবর সোবহানের তিন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, আনিসুল হক ও আহসানুল করিম।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্টের রায়টি মৌখিক। রায়ে দুই বিচারপতি এখনও স্বাক্ষর করেননি। এ মামলার আপিল শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বক্তব্য রাখার সুযোগ পাননি। এ অবস্থায় আমরা আপিলের ওপর আবার শুনানি করতে চাই।
"এ মামলার সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত রয়েছে। পুনরায় এ ধরনের শুনানির সুযোগ দেওয়ার উদাহরণ রয়েছে।"
এ বক্তব্যের বিরোধিতা করে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, এখন রিভিউ করার সুযোগ নেই। সপ্তম, ত্রয়োদশ সংশোধনীর রায়ে বিচারপতি স্বাক্ষর করেননি। বিচারপতি অবসরে চলে গেছেন। তবে কী এগুলো পুনরায় শুনানির সুযোগ আছে?
"এই মামলায় রায়ই যদি না হয়, তাহলে ওনারা আপিল বিভাগে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন নিয়ে গেলেন কীভাবে। চেহারা দেখানোর জন্য?"
আনিসুল হক বলেন, হাইকোর্ট রুলস ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ফৌজদারি মামলায় হাইকোর্ট কোনো রায় দেওয়ার পর তা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। পুনরায় শুনানিরও কোনো সুযোগ নেই।
"দেওয়ানি মামলায় রিভিউর সুযোগ থাকলেও ফৌজদারি মামলায় এ ধরনের কোনো সুযোগ নেই। ন্যায় বিচারের স্বার্থে আপিল বিভাগের অনেক ক্ষমতা থাকলেও আইনে উল্লেখ নেই এমন কোনো ক্ষমতা হাইকোর্টের নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৯৫৫ ঘ.
bdnews24