সাতক্ষীরা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাক চাকায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে পাটকেলঘাটা থানার সামনে এ দুর্ঘটনায় নিহত হন পান ব্যবসায়ী তুহিন মিয়া (২৪)। তিনি বড়বিলা গ্রামের ওলিউর রহমানের ছেলে।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর করেছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ওসি হেলাল উদ্দীন জানান, একটি ট্রাক পার্কিং করার সময় পিছন দিকে যাচ্ছিল। এ সময় তুহিন বাইসাইকেলে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাক চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24