ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষের পদে আরেকজনকে শিক্ষক-শিক্ষার্থীরা বরণ করলেও হোসনে আরা বেগম বলছেন, ওই পদে তিনি এখনো রয়েছেন। এ জটিলতা সৃষ্টিতে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য বৈঠক করে অধ্যক্ষ হোসনে আরাকে 'অপসারণ'র সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে।
বুধবার সকালে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের বেইলি রোডের মূল ক্যাম্পাসে অধ্যক্ষের চেয়ারে বসেন জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা।
হোসনে আরা বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গভর্নিং বডির চেয়ারম্যানের (রাশেদ খান মেনন) অনুপস্থিতিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। অবৈধভাবে এখানে আম্বিয়া খাতুনকে বসানো হয়েছে।"
পরিচালনা পর্ষদের সিদ্ধান্তেই অধ্যক্ষ পরিবর্তন হয়েছে বলে শিক্ষকরা দাবি করলেও তা নাকচ করেছেন পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. দিলীপ রায়ও। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বলেছেন, এ পরিবর্তনের বিষয়ে মন্ত্রণালয় কিছু জানে না।
১০ সদস্যের পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন এখন দেশের বাইরে রয়েছেন। পর্ষদের সদস্য সচিব অধ্যক্ষ।
হোসনে আরা বলেন, "আমাকে তো রিজাইন করতে হবে। কিন্তু এখনো তো আমি তা করিনি। ওই পদ তো রয়ে গেছে। সদস্য সচিব হিসেবে আমাকে সভা ডাকতে হবে। কার্যত কাউকে বসিয়ে (আম্বিয়া খাতুন) দেওয়া হয়েছে বললেও তা তো পারে না। বসিয়েছে বটে, কিন্তু বসানো হয় না।"
ছাত্রী নিপীড়নের অভিযোগে শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাতে হোসনে আরাও আসামি। পরিমলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অনেক শিক্ষক ও শিক্ষার্থীর অভিযোগ, পরিমলকে রক্ষার চেষ্টা করেছিলেন হোসনে আরা।
তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে হোসনে আরা বলেন, "আমার অপরাধ কী, আমি রিজাইন করবো কেন? আমার তো কোনো বিষয় না। এ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটছে কেউ কেউ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৮৩০ ঘ.
bdnews24