২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ উৎপাদন ২ বছরে প্রায় ৬ লাখ টন বাড়ানোর আশা

গত ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশে মাছের উৎপাদন ছিলো ২৯ লাখ মেট্রিক টন। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী আগামী ২০১৩ সালের মধ্যে এ উৎপাদনের পরিমাণ ৩৪ লাখ ৭৮ হাজার মেট্রিক টনের উন্নীত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশে মাছের উৎপাদন ছিলো ২৯ লাখ মেট্রিক টন। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী আগামী ২০১৩ সালের মধ্যে এ উৎপাদনের পরিমাণ ৩৪ লাখ ৭৮ হাজার মেট্রিক টনের উন্নীত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। বুধবার মৎস্য ভবনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান। মৎস্য অধিদপ্তর এবং বিশ্বব্যাংক যৌথভাবে 'মৎস্য খাতের রাজনৈতিক অর্থনীতি' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল আলম খান। মন্ত্রী বলেন, আগামী ২০১৩ সালের মধ্যে দেশে বেকারের সংখ্যা ২ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ৪০ লাখে এবং দারিদ্রের হার ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মৎস্য খাতের উন্নয়ন এবং মাছের চাষ বাড়ানোর মাধ্যমে সরকারের এ লক্ষ্য অর্জন সহজ হবে বলে মনে করেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত বলেন, কীটনাশকের ব্যবহার ও অতিরিক্ত পরিমাণে মাছ ধরার কারণে দেশে মৎস্য সম্পদের ঘাটতি দেখা দিয়েছে। সরকার দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে তাই নিরাপদে মাছের চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের অপারেশন উপদেষ্টা তাহসীন সাঈদ। পরে কর্ম-অধিবেশনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট ডিকন, যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুসতাক খান এবং রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস অ্যান্ডারসন বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরআরডি/এমআই/১৪২৪ ঘ.