২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই মামলা থেকে ২ আসামিকে অব্যাহতি

ছিনতাই চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা থেকে দুই ছিনতাইকারীকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা থেকে দুই ছিনতাইকারীকে অব্যাহতি দিয়েছে আদালত। অব্যাহতিপ্রাপ্তরা হলেন- সজুন ও মফিজ। একইসঙ্গে ছিনতাই করার সময় পুলিশের গুলিতে আহত মফিজের চিকিৎসায় সরকারি অর্থ সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান মঙ্গলবার ওই আদেশ দেন। ওই আদেশের কপি স্বরাষ্ট্র সচিব ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানোরও নির্দেশ দেন তিনি। নথিসূত্রে জানা গেছে, গত ৬ মার্চ রা পৌনে ১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিটাক মোড় এলাকার বায়তুল আমান মসজিদ ও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার ওপর ছিনতাই করার সময় পুলিশের হাতে তিন ছিনতাইকারী ধরা পড়ে। পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে আসামিরা পুলিশদের অতর্কিত হামলা করে এবং তাদের আহত করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধরতে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী মফিজের পায়ে গুলি লাগে। পুলিশ দুই ছিনতাইকারী সুজন ও মফিজের কাছ থেকে দুইটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। আরেক ছিনতাইকারী আলম পালিয়ে যেতে সক্ষম হন। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মর্ম সিংহ ত্রিপুরা ওইদিনই বাদি হয়ে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একটি এবং অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করেন। মফিজের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে মঙ্গলবার বলেন, "মফিজ একজন রিক্সাচালক। পুলিশ তাকে ধরে নিয়ে গুলি করেছে। হাকিমের কাছে বিষয়টি বিশ্বাসযোগ্য হওয়ায় হাকিম কারাবন্দি সুজন ও মফিজকে মামলা থেকে অব্যাাহতি দিয়ে গুলিবিদ্ধ মফিজকে রাষ্ট্রের খরচে চিকিৎসার আদেশ দেন।" সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, তিনি আদালতে ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার পক্ষে জোরালো বক্তব্য রাখলেও হাকিম কামরুজ্জামান তা আমলে নেননি। তিনি বলেন, আসামি দুজন পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের ঘটনায় আলাদা মামলা হয়েছে। এ ধরনের মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়া মোটেই কাম্য নয়। মহানগর পাবলিক প্রসিকিউটরের সঙ্গে বিষয়টি আলোচনা করে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন বলে রাষ্ট্রপক্ষের ওই আইনজীবী সাংবাদিকদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২২৪২ ঘ.