২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংযমই আসল: হাসিনা

ছাত্রলীগের নতুন নেতৃত্বকে সংযমী হওয়ার উপদেশ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সংযমী না হওয়ায় অতীতে অনেক বড় নেতাই অর্থের কাছে বিক্রি হয়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের নতুন নেতৃত্বকে সংযমী হওয়ার উপদেশ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সংযমী না হওয়ায় অতীতে অনেক বড় নেতাই অর্থের কাছে বিক্রি হয়ে গেছেন। সোমবার কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত ছাত্রলীগের নতুন সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম মঙ্গলবার বিকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। প্রথা অনুযায়ী কমিটি গঠনের পর ভোরেই ছাত্রলীগ নেতাদের বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কথা ছিল। আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে থেকে সাংবাদিকদের জানানো হয়েছিলো, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ছাত্রলীগ নেতারা দেখা করতে যাবেন। কিন্তু নতুন কমিটির নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সকালে নির্ধারিত সময়ে দেখা করতে যেতে পারেননি। বঙ্গবন্ধু ভবনেও গেছেন দেরিতে। এ জন্য ঘুমকেই দায়ী করেছেন তারা। পরে ছাত্রলীগ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় বিকাল ৫টায় পুনর্র্নিধারণ করা হলেও গণভবনে সেই অনুষ্ঠান শুরু হয় সাড়ে ৬টায়। দেশের সবচে পুরনো এই ছাত্র সংগঠনের নতুন নেতৃত্বকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, "সংযমই আসল। সংযম না থাকলে বিপথে চলে যেতে হয়। অনেক বড় নেতাই অর্থের কাছে বিক্রি হয়ে গেছে।" ছাত্রলীগের প্রতিটি সদস্যকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দেশ পরিচালনায় মেধাবী ছাত্রের প্রয়োজন আছে।" ছাত্রলীগের প্রত্যেক সদস্যকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলারও উপদেশ দেন শেখ হাসিনা। "বঙ্গবন্ধু বলতেন- সোনার বাংলা গড়তে, সোনার ছেলে চাই। তোমাদের নিজেদের সোনার ছেলে হিসাবে গড়ে তুলতে হবে। কারণ, আগামীতে তোমারাই সমাজের নেতৃত্ব দেবে," যোগ করেন তিনি। বঙ্গবন্ধু কন্যা বলেন, "আমি আর রেহানা আমাদের সন্তানদের বলেছি- তোমাদের জন্য আমরা কোনো সম্পদ রেখে যেতে পারবো না। তোমরা আমাদের কাছ থেকে কোনো ধন-সম্পদ আশা করো না। তোমাদের একটাই সম্পদ দিয়ে যাবো। তা হলো- শিক্ষা। এটা কেউ কেড়ে নিতে পারবে না।" ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং 'প্রকৃত ছাত্রদের নিয়ে' সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করায় বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, "নির্বাচনে জয়-পরাজয় আছে। এটা সহজভাবে মেনে নিতে হয়।" প্রধানমন্ত্রীর সরকারি বাসভাবন গণভবনে এই অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার চৌধুরী রিপন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় কিছু সময়ের জন্য অনুষ্ঠানে অংশ নেন এবং ছাত্রলীগের নতুন কিমিটিকে অভিনন্দন জানান। অনুষ্ঠানস্থলে স্থান সঙ্কুলান না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা মহানগর ছাত্রলীগের নেতাদের বসার ব্যবস্থা করা হয় গণভবনের লনে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি 'শিক্ষা-শান্তি-প্রগতি' এ তিন মূলমন্ত্র নিয়ে পথচলা শুরু ছাত্রলীগের। স্বাধীনতার আগে ছাত্র আন্দোলনে নেতৃত্বের কাতারে ছিলো সংগঠনটি। স্বাধীনতার পর '৯০ এর দশক পর্যন্ত এ ছাত্র সংগঠন ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এরপর ধীরে ধীরে ম্রিয়মান হয়ে পড়ে। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগ সব সময়ই নতুন পথ দেখিয়েছে। মাঝে ছাত্রলীগ কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিলো ঠিকই। যে জন্য ছাত্রলীগের জন্ম- আমরা আবার ছাত্রলীগকে সেই আগের ধারায় ফিরিয়ে আনতে পেরেছি।" ছাত্রলীগের নতুন সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, "শেখ হাসিনা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে- ছাত্র রাজনীতির নেতৃত্ব নিয়মিত ছাত্রদের হাতে তুলে দিয়েছেন।" সংগঠনের সবার সহযোগিতা চেয়ে নতুন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, "যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, তারাই যেনো আমাদের প্রশংসা করে- এমন কাজ করতে হবে।" অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মেহেদী হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা হওয়ার জন্য কোনো বয়স সীমা না থাকলেও ২০০৬ সালের সম্মেলনে প্রার্থীতার বয়সসীমা ২৯ বছর বেঁধে দেওয়া হয়। ওই কাউন্সিলে বিজয়ী হয়ে সংগঠনের হাল ধরেন মাহমুদ হাসান রিপন ও মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। এবার তাদের হাত থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন সোহাগ-নাজমুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার সকালে ছাত্রলীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। সোমবার দুপুর থেকে ভোটাভুটির পর রাত দেড়টার দিকে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১৫৪ ঘ.