২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু তোরাব বিদ্যালয়ে সবাই কাঁদছে

সে গতকাল সকালেও এসেম্বলিতে ছিলো। আমি তাকে সবার সঙ্গে পা মেলাতে দেখেছি। ক্লাসে ঢুকে রোল কল করার সময় বুঝতে পারি সে নেই। তাই তার নামের পাশে 'ক্রস' দাগ দিয়েছিলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

মিঠুন চৌধুরী মিরসরাই থেকে চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সে গতকাল সকালেও এসেম্বলিতে ছিলো। আমি তাকে সবার সঙ্গে পা মেলাতে দেখেছি। ক্লাসে ঢুকে রোল কল করার সময় বুঝতে পারি সে নেই। তাই তার নামের পাশে 'ক্রস' দাগ দিয়েছিলাম। আর আজ সকালে আমি তার নাম উঠালাম মৃতের তালিকায়- মৃত সূর্য্য চন্দ্র নাথ। বয়স ১৫। নবম শ্রেণী। আবু তোরাব উচ্চ বিদ্যালয়। আর কোনো দিন সূর্য্য আমার ক্লাসে আসবে না। আমি আর কোনোদিন তার নাম ডাকতে পারবো না...বলেই টেবিলে মাথা গুজে কান্নায় ভেঙ্গে পড়েন আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রবিউল হোসাইন। এই সময়েই সূর্য্যর মা ডলি নাথকে কয়েকজন নারী ধরাধরি করে নিয়ে আসেন নবম শ্রেণীর ক্লাস রুমের দিকে। ক্লান্ত বিধ্বস্ত ডলি নাথ সকালেই এসেছিলেন ছেলের স্কুলে। ছেলে কোন ক্লাসে বসতো তা তিনি দেখতে চান। ক্লাসের সামনে এসে তিনি কিছুক্ষণ ভাবলেশহীন তাকিয়ে থাকেন। তারপর জানতে চান, ছেলে কোন্ বেঞ্চিতে বসতো। একজন ক্লাসের এলোমেলো বেঞ্চগুলো দেখিয়ে দেন। ডলি তখন সেই বেঞ্চ জড়িয়ে "আমার সূর্য্য আমার সূর্য্য' বলে ডুকরে কান্নায় ভেঙ্গে পড়েন... কে এই মাকে সান্ত্বনা দেবে? পাশে যারা আছে তারাও তো স্বজন-হারা, শোকাতুর...। বারান্দায় বসে উদভ্রান্তের মতো কান্না করছিলেন নিহত স্কুলছাত্র শামসুদ্দিন রণির বড়ভাই জাহেদুল ইসলাম। সহপাঠী হারানোর বেদনায় অনেকে মূর্ছা যান এসময়। আবু তোরাব স্কুল প্রাঙ্গণে যখন সকাল ১০টায় ঢুকি তারপর থেকেই এরকম অসংখ্য দৃশ্য চোখে পড়েছে। শিক্ষক-ছাত্র-অভিভাবক-এলাকাবাসী সবাই শুধু কাঁদছে। যেন এই সকালটি শুধুই কান্নার শুধুই শোকের। সোমবার দুপুরে মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে একটি ছোট ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কের মায়ানি সৈয়দ আলী গ্রামে দুর্ঘটনায় পড়ে স্কুলশিক্ষার্থীরা। এতে শুধু আবু তোরাব উচ্চ বিদ্যালয়েই ৩৫ শিক্ষার্থী নিহত হয়। মঙ্গলবার সকালে সেই স্কুলের মাঠেই হাজারো জনতার উপস্থিতিতে শোকসভা হয়। আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদিক জানালেন, এই এলাকাটি খেলাপ্রিয়। সবাই খেলা পাগল। সকালে অনেক ছেলে স্কুলে এসে পিটি শেষে ক্লাস না করেই খেলা দেখতে চলে যায়। "এই খেলাই আমাদের কাল হলো" কান্না মিশ্রিত দীর্ঘশ্বাস ছেড়ে বলেন জাফর সাদিক। তিনি জানান, সকালে কান্না করতে করতে নবম শ্রেণীর তিন ছাত্রী ও অষ্টম শ্রেণীর এক ছাত্রী অজ্ঞান হয়ে যায়। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। মঙ্গলবার আবু তোরাব বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। পাশের আবু তোরাব ফাজিল মাদ্রাসা, পশ্চিম ময়ানি আদর্শ উচ্চ বিদ্যালয়, শফিউল আলম উচ্চ বিদ্যালয়, মজদহ উচ্চ বিদ্যালয়, মায়ানি ইউনিয়নের আটটি প্রাথমিক বিদ্যালয়, মঘাসিয়া ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয় ও আটটি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণহানিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তিন দিনের শোক পালিত হচ্ছে। বুধবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যর একটি তদন্ত কমিটি করেছে যোগাযোগ মন্ত্রণালয়। দুর্ঘটনার জন্য মিনিট্রাকের চালক মফিজ উদ্দিনকে আসামি করে একটি মামলা হয়েছে। মঘাসিয়া ইউনিয়নে নুরুল আবসার চৌধূরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমজাদ, সৌরভসহ কয়েকজন দাঁড়িয়ে ছিলো আবু তোরাব স্কুল মাঠে। তারা জানায়, নিহতদের অনেকেই তাদের বন্ধু। তাদের লাশ তারা দেখতে পারেনি। তাই তারা সকালে শোকসভায় যোগ দিতে এসেছে। মো. ইউনূস আবু তোরাব উচ্চ বিদ্যালয়ে প্রায় পঁচিশ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি স্কুলের বারান্দায় বসে মৃতের তালিকা তৈরি করছিলেন। তিনি জানান, এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮৬৭। সোমবার ছিলো হাটের দিন। এদিন হাফ স্কুল। যেনো বাজার শুরুর আগেই মেয়েরা বাড়ি ফিরে যেতে পারে। সোমবার বাড়ি ফিরেই তিনি এই দুর্ঘটনার খবর পান। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিজের সন্তানদের মৃতের তালিকায় নাম উঠাতে হবে এটা কোনোদিন ভাবিনি। আর কোনোদিন ক্লাসে গিয়ে পড়াতে পারবো কীনা জানি না। ক্লাসে গিয়ে তো দেখবো আমার ছেলো নেই। তাদের রেখে আমি কীভাবে পড়াবো? এসময় ইউনূসের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন অষ্টম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান সেতু। সে জানায়, সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত স্কুলে কোচিং ক্লাস হয়। সেখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু বিকেলে বাড়ি গিয়ে শুনতে পাই তারা নেই। সেতু চোখের জল মুছতে মুছতে বলে, বিশ্বাস করতে পারছি না আমার বন্ধুরা নেই। এরপর আর কোনোদিন তাদের ক্লাসে দেখতে পারবো না। একই অনুভূতির কথা জানালেন দশম শ্রেণীর ছাত্রী জাকিয়া সুলতানা ও ফারজানা আক্তার মিলু। তাদের দুই সহপাঠী আনন্দ দাশ ও শামসুদ্দিন সোমবারের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/সিএস/পিডি/১৮৫৯ ঘ.

এ সম্পর্কিত আরো খবর