২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে কুমিরের মুখে আরো এক নারী

বাগেরহাটে হযরত খান জাহান (র:)- এর মাজারের দীঘির কুমির এবার এক নারীর বাঁ হাতে কামড়ে কনুই পর্যন্ত মাংস তুলে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

বাগেরহাট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে হযরত খান জাহান (র:)- এর মাজারের দীঘির কুমির এবার এক নারীর বাঁ হাতে কামড়ে কনুই পর্যন্ত মাংস তুলে নিয়েছে। তার নাম আছিয়া বেগম (৪০)। তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ঐতিহাসিক হযরত খান জাহান (র:) মাজারের দীঘির উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। আছিয়া ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের জোহর মল্লিকের স্ত্রী। এর আগে গত ২৬ জুন এই দীঘিতে হাত মুখ ধুতে গিয়ে কুমিরের আক্রমণে মরিয়ম বেগম (৪০) নামের এক নারী নিহত হন। বাগেরহাট সদর হাসপাতালে আছিয়া বেগম জানান, তিনি গ্রাম থেকে শাক-পাতা সংগ্রহ করে বাড়ি বাড়ি বিক্রি করে সংসার চালান। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি দীঘির উত্তর পাড়ে পানিতে নেমে কচুর লতি তুলছিলেন। এসময় কচু গাছ এবং কচুড়িপানার নিচে লুকিয়ে থাকা একটি কুমির তার বাম হাত কামড়ে ধরে। কুমিরের সাথে কয়েক মিনিট ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি নিজেই কুমিরের মুখ থেকে হাত ছাড়িয়ে উপরে উঠে আসতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। উন্নত চিকিৎসা করানোর মত অর্থও তার কাছে নেই। বাগেরহাট সদর হাসপাতালের অর্থোপেডিক কনসালটেন্ট মাহবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমির আছিয়া বেগমের বাম হাতের কনুই পর্যন্ত কেটে নিয়ে গেছে। হাড় ছাড়া কিছুই নেই। তার বাহু পর্যন্ত কেটে ফেলতে হতে পারে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫৫ ঘ.