ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে ১৬ উপসচিবসহ ১৭ কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
উপসচিবদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আকবর হোসাইন নিয়োগ পেয়েছেন 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের উপ-পরিচালক হিসেবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক গীতাঞ্জলী চৌধুরী নিয়োগ পেয়েছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঊর্ধ্বতন কার্যনির্বাহী পদে এবং উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র ব্যবস্থাপনা প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক জাফর সিদ্দিককে পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক নবিরুল ইসলামকে 'অবশিষ্ট ১১টি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন' প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক পিযুষ কান্তি নাথকে 'গোপালগঞ্জ জেলা সদরে সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণ, শেখ কামাল স্টেডিয়ামের উন্নয়ন, পুরাতন জেলা স্টেডিয়ামের মেরামত ও সংস্কার এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ' প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
বিনিয়োগ বোর্ডের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন তিন জন উপসচিব। এরা হলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আমিনুল ইসলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইম্প্রুভমেন্ট প্রজেক্ট'র (্ইএলটিআইপি) প্রকল্প পরিচালক মজিবুর রহমান এবং নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী কদর।
'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের উপ-পরিচালক জয়নাল আবেদীনকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব শ্যামল চন্দ্র কর্মকারকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঊর্ধ্বতন কার্যনির্বাহী, আবদুর রশিদকে মুদ্রন ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক, মোহাম্মদ আজমকে 'নতুন জেলা স্টেডিয়াম (চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ) নির্মাণ' প্রকল্পের প্রকল্প পরিচালক, শামসুল আলমকে 'সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পে'র উপ-প্রকল্প পরিচালক, মোহাম্মদ ইলিয়াসকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক এবং গোলাম মোস্তফাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব নুরুল ইসলামকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খন্দকার মাহবুবুর রহমানকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ-এর সহকারী পরিচালক (বাজেট ও হিসাব) পদে প্রেষণে থাকা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট এম হামিদুর রহমানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৫৪ ঘ.
bdnews24