২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থপাচার মামলায় তারেকের রিভিশন আবেদন খারিজ

অর্থপাচার মামলায় তারেক রহমানের রিভিশন আবেদন খারিজ করেছে আদালত। ফলে তাকে পলাতক দেখিয়ে এ মামলায় অভিযোগ গঠন করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থপাচার মামলায় তারেক রহমানের রিভিশন আবেদন খারিজ করেছে আদালত। ফলে তাকে পলাতক দেখিয়ে এ মামলায় অভিযোগ গঠন করা যাবে। মঙ্গলবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ এ আবেদন খারিজ করে। আদেশের পর তারেকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেক রহমান বিদেশে থেকে এই আবেদন করতে পারেন না- সরকার পক্ষ এই ধরণের য্ুিক্ত দিলে আদালত তা গ্রহণ করে। এজন্য খারিজ করার আগে আমরা 'উপস্থাপিত হয়নি' (নট প্রেস রিজেক্ট) মর্মে খারিজ করতে আবেদন করি এবং আদালত তা মঞ্জুর করে।" তিনি আরো বলেন, "ওই আবেদনে আমরা বলেছি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ২০০২ সালের আইনে মামলাটি চললে দুদক বাদি হিসাবে থাকতে পারে না। এই ধরনের মামলায় বাদি হওয়ার এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের। তাই মামলাটি চলতে পারে না।" দুদকের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের বলেন, "এই আবেদন খারিজের ফলে নিু আদালতে চলা অর্থপাচারের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলায় তাকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠনে আর কোনো আইনগত বাধা নেই।" গত ৯ ফেব্র"য়ারি আপিল বিভাগের এক রায়ে বলা হয়, তারেকের বিরুদ্ধে অর্থপাচারের মামলাটি ২০০৯ সালের আইনের পরিবর্তে ২০০২ সালের আইনে চলতে পারে। ওই রায় 'অস্পষ্ট' দাবি করে ২ মে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের পক্ষ থেকে তা পুনর্বিবেচনার আবেদন করা হয়। ওই আবেদন গত ২ জুন খারিজ করে আদালত। ওই দিন আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন, "২০০২ সালের অর্থপাচার প্রতিরোধ আইন অনুযায়ী তারেকের বিরুদ্ধে অভিযোগ অপরাধ হিসাবে গণ্য হবে এবং ২০০৯ সালের অর্থপাচার প্রতিরোধ আইন অনুযায়ী মামলার কার্যক্রম চলবে।" "আর ২০০২ সালের আইনটি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর শিডিউলে অন্তর্ভুক্ত করায় দুদকের এই মামলার বাদি হিসাবে থাকায় কোনো বাধা নেই।" আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক এবং তারেক রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। ২০০৯ সালের ২৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদি হয়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলা করেন। ওই বছরের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধ অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে। এরপর আপিল বিভাগে আপিলের আবেদন হলে তাও খারিজ হয়। এরপরই রায় পুনর্বিবেচনার আবেদন করেন তারেক। দুদকের এর মামলায় অভিযোগ করা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে মামুন এ অর্থ নেন বলে এজাহারে বলা হয়। এতে বলা হয়, সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর সিটি ব্যাংক এনএ'র ক্যাপিটাল স্ট্রিট শাখায় মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা) জমা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেককে গ্রেপ্তার করা হয়। ডজন খানেক মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। অর্থপাচারের আরেক মামলায় খালেদা জিয়ার বড় ছেলে আরাফাত রহমান কোকোকে গত ২৩ জুন ছয় বছরের কারাদণ্ড দেয় ঢাকার জজ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৮৪৬ ঘ.