খাগড়াছড়ি, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের মানববন্ধনে গুলি চালিয়েছে একদল বন্দুকধারী। এতে আহত হয়েছেন আট জন। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সংবিধানে আদিবাসীদের স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার মানববন্ধন করছিলো ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ আগামী ২০ ও ২১ জুলাই খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে।
এছাড়া আগামী ১৪ জুলাই পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা ছাত্র ধর্মঘটের প্রতিও সমর্থন জানিয়েছে ইউপিডিএফ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীছড়ির শিলাছড়ির বাটিপাড়ায় কর্মসূচিতে হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
ইউপিডিএফ এ হামলার জন্য প্রতিপক্ষ পাহাড়ি সংগঠন জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে। তবে জেএসএস অভিযোগ অস্বীকার করেছে।
লক্ষ্মীছড়ি থানার ওসি মো. কামরুল হাসান সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে ১০-১২ জন দুর্বৃত্ত হঠাৎ করে গুলি চালায়। এতে সাত-আট জনের মতো আহত হয়েছে।
তিনি নিজের গাড়িতে করে এক জনকে হাসপাতালে পৌঁছে দেন। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
ইউপিডিএফ'র যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিঠুন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাটিছড়িতে মানববন্ধন চলাকালে 'বোরকা পার্টির' ১০-১২ জন সন্ত্রাসী অতর্কিতে ব্রাশ ফায়ার করে।"
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিমুল চাকমা (২২) ও সুজন চাকমাকে (২০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিমুলের দেহে ১৮টি গুলি লেগেছে বলে তিনি জানান।
হামলাকারীরা জেএসএসের সঙ্গে যুক্ত বলে ইউপিডিএফ এই নেতা দাবি করেন।
এ ব্যাপারে জেএসএসের কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রচার সম্পাদক সঞ্জীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ হামলার সঙ্গে জেএসএস কোনোভাবেই জড়িত নয়। ইউপিডিএফ যে দাবিতে মানববন্ধন করেছে আমরাও একই দাবিতে আন্দোলন করছি। সুতরাং তাদের কর্মসূচিতে হামলার প্রশ্নই আসে না।"
পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল বাতিল, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার ও বসিত স্থাপনকারী বাঙালিদের সমতলে পুনর্বাসন ইত্যাদি দাবিতে ইউপিডিএফ মঙ্গলবার খাগড়াছড়িতে এ মানববন্ধন কর্মসূচি করে। জেলার আটটি উপজেলাতেই কর্মসূচি পালিত হয়েছে বলে দলের নেতারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএম/এমআই/১৮৩০ ঘ.
bdnews24