২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ প্রতিরোধে উপ-কমিটি

শিক্ষা প্রতিষ্ঠানে 'জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার' কমিটির অধীনে চার সদস্যের একটি উপ-কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রতিষ্ঠানে 'জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার' কমিটির অধীনে চার সদস্যের একটি উপ-কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদ প্রতিরোধে মাঠ পর্যায়ের তথ্য-উপাত্ত ও কার্যক্রম সংগ্রহের জন্য ছক প্রণয়ন এবং প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় দিক-নির্দেশনাসহ আগামী ১৫ দিনের মধ্যে এ উপ-কমিটি প্রতিবেদন দেবে। গত ১০ জুলাই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন ও এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম মনিটরিংয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় 'জঙ্গীবাদ প্রতিরোধ ও প্রতিকার' বিষয়ে একটি কমিটি গঠন করে। পরিপত্রে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিবকে (কলেজ) উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের একজন প্রতিনিধি, নায়েম মহাপরিচালকের একজন এবং আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একজন প্রতিনিধিকে এ কমিটির সদস্য করা হয়েছে। উপ-কমিটি প্রয়োজনে আরো সদস্য সংযুক্ত করতে পারবে বলে পরিপত্রে বলা হয়। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) ও পরিচালক (এমএন্ডই); ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিসিএস (শিক্ষা) ক্যাডারের সদস্যদের প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নায়েম-এর একজন প্রতিনিধিকে মূল কমিটির সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে। জঙ্গিবাদ প্রতিরোধকল্পে এনসিটিবির কারিক্যুলামে কোন স্তরের কোন শ্রেণীর কোন বিষয়ের পাঠ্যপুস্তকে কী অন্তর্ভুক্ত রয়েছে এবং আরো অন্তর্ভুক্তির অপেক্ষায় আছে এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান আগামী ১৫ দিনের মধ্যে একটি বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করবেন বলেও পরিপত্রে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৮০৯ ঘ.