২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে শিশুদের ১৮ শতাংশই কাজ করে'

দেশের প্রায় সাড়ে তিন কোটি শিশুর মধ্যে ১৮ শতাংশ বিভিন্ন ধরনের শ্রমের সঙ্গে যুক্ত। এদের মধ্যে পাঁচ শতাংশের বেশি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রায় সাড়ে তিন কোটি শিশুর মধ্যে ১৮ শতাংশ বিভিন্ন ধরনের শ্রমের সঙ্গে যুক্ত। এদের মধ্যে পাঁচ শতাংশের বেশি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। মঙ্গলবার শিশুশ্রম নিরসন নীতি, ২০১০ বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পর্কিত এক কর্মশালায় এক প্রতিবেদনে তথ্য উপস্থাপন করা হয়। কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পর্কিত পরামর্শক দলের প্রধান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গোলাম সামদানি ফকির প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, দেশের প্রায় সাড়ে তিন কোটি শিশুর মধ্যে সাত থেকে ১৪ বছর বয়সী ৩৫ লাখ (১১ দশমিক ৬০ শতাংশ) এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী ২৮ লাখ (৪৭ দশমিক ৫০ শতাংশ) শিশু বিভিন্ন ধরনের শ্রমের সঙ্গে জড়িত। এদের মধ্যে ১৫ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ২০ লাখ শিশুই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। শিশুরা যেসব কাজের সঙ্গে যুক্ত এরকম ৩০১টির মধ্যে ৪৮টিই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আইএলও'র সহযোগিতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাজধানীর একটি অভিজাত হোটেলে এ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে শ্রম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কারণে শিশু শ্রম বাড়ছে। এ সমস্যা সমাধানে সরকার আইন প্রণয়ন করেছে। আইন কার্যকর করতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি। আগামী ২০১৬ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী দাবি করেন, "এরই মধ্যে তৈরি পোশাক শিল্পখাত থেকে শতভাগ শিশুকে প্রত্যাহার করা সম্ভব হয়েছে। এতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।" ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের সরিয়ে নিতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন মোশাররফ বলেন, ২০০১ সাল থেকে শুরু হওয়া এসব কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০ হাজার শিশুকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এসব শিশুকে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ ও অনানুষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়েছে। ঋণ দিয়ে পরিবারকে করে তোলা হয়েছে স্বাবলম্বী। ১৪ বছরের নিচে কোনো শিশুকে কোনো কাজে জড়িত থাকতে দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, এজন্য সরকার জাতীয় শিশুশ্রম কল্যাণ কাউন্সিল গঠনে কাজ করে যাচ্ছে। শ্রম সচিব শফিক আলম মেহেদীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সমাজকল্যাণ সচিব রনজিৎ কুমার বিশ্বাস, আইএলও বাংলাদেশের পরিচালক আন্দ্রে বোগুই ও শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফয়জুর রহমান বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮০৩ ঘ.