২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দামানে বন্দি ১৮৯ জনকে ফেরানোর নির্দেশ নয় কেন

ভারতের আন্দামান দ্বীপে কারাবন্দি ১৮৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আন্দামান দ্বীপে কারাবন্দি ১৮৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাদের ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানাতে বলা হয়েছে। একটি রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (রাজনৈতিক), পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, নয়া দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, কলকাতায় নিযুক্ত সহকারী রাষ্ট্রদূত, রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং টেকনাফ থানার ওসিকে ছয় সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। দৈনিক প্রথম আলোতে গত ২৫ এপ্রিল 'আন্দামানে বন্দি ১৮৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ধীরগতি' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদুল ইসলাম গত ৫ মে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হলো। ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ থেকে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ৫১৩ জন থাইল্যান্ডের নৌবাহিনীর হাতে ধরা পড়ে। সেখান থেকে আটক ব্যক্তিদের ইঞ্জিনবিহীন চারটি ট্রলারে গভীর সাগরে ভাসিয়ে দেওয়া হয়। গভীর সমুদ্রে খাদ্যের অভাবে ১০০ জন মারা যায়। বাকি ৪১৩ জন ট্রলারে ভাসতে ভাসতে ভারতের আন্দামান দ্বীপের কাছে চলে আসে। এ সময় আন্দামান নৌবাহিনী তাদের আটক করে কারাগারে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৭৫০ ঘ.