ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর চার নেতার একাত্তরের যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন আগামী ১ অগাস্ট দাখিল করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জামায়াত নেতাদের উপস্থিতিতে মঙ্গলবার বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়। ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের জামিনের আবেদন জানানো হলেও আদালত ১ অগাস্টই তা শুনবে বলে জানিয়েছে।
চার জামায়াত নেতা হলেন দলটির আমির নিজামী, সেক্রেটারি জেনারেল মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান।
সকালে তাদের পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নেওয়া হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ চার জনসহ জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। অন্য নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সোমবার আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়েছে।
জামায়াতের পাশাপাশি বিএনপির দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২৩০ ঘ.
bdnews24