২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানাজায় হাজারো মানুষের ঢল

এই মাঠেই প্রতিদিন তারা খেলতো। তাদের কৈশরের হাসি-আনন্দের অনেকটা সময়ের সাক্ষী এই মাঠ। আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের এই মাঠেই সোমবার সন্ধ্যায় জানাজা হলো সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই মাঠেই প্রতিদিন তারা খেলতো। তাদের কৈশরের হাসি-আনন্দের অনেকটা সময়ের সাক্ষী এই মাঠ। আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের এই মাঠেই সোমবার সন্ধ্যায় জানাজা হলো সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের। দুপুরে মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা দেখে ফেরার পথে শিক্ষার্থীদের বহনকারী একটি মিনি ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে ঝরে যায় ৪৪টি তাজা প্রাণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব জানান, ওই ট্রাকের আরোহীদের অধিকাংশই আবু তোরাব উচ্চ বিদ্যালয়, আবু তোরাব ফাজিল মাদ্রাসা ও প্রফেসর কামাল উদ্দিন কলেজের ছাত্র। নিহত শিক্ষার্থীদের অধিকাংশেরই বাড়ি মিরসরাইয়ের তিন ইউনিয়ন মায়ানী, মগাটিয়া ও কৈয়াছড়ায়। এসব ইউনিয়নের প্রতিটি গ্রামের কেউ না কেউ হতাহত হয়েছে সোমবারের দুর্ঘটনায়। ট্রাক ডোবায় পড়ার খবর পৌঁছানোর পর গ্রামগুলোতে শুরু হয় শোকের মাতম। স্থানীয় প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় হাসপাতাল থেকে পুলিশের সহযোগিতায় স্বজনরা লাশ নিয়ে আসেন দুর্ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে। উদ্ধার হওয়া লাশের মধ্যে ১৮ থেকে ২০ জনের মৃতদেহ সামনে রেখে রাত ৮টায় জানাজা হয়। জানাজায় অংশ নিতে আসা মানুষের ঢল স্কুল মাঠ পেরিয়ে আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন, জেলা পুলিশের ডিআইজি নওশের আলী, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম জেলা প্রাশাসক ফয়েজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ স্থানীয় জন প্রতিনিধিরা জানাজায় অংশ নেন। পরে নিহতদের লাশ তাদের স্বজনদের হেফাজতে দেওয়া হয়। ২৫ হাজার টাকা করে সহায়তা নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন গণশিক্ষামন্ত্রী। পাশাপাশি পাঁচ হাজার টাকা করে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়। এ ছাড়া নিহতদের পরিবারের বেকার সদস্যদের মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান আফসারুল আমীন। এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে মিরসরাই উপজেলা প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জেকে/২৩০০ ঘ.