২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চালক মোবাইল ফোনে কথা বলছিলেন'

চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি ডোবায় পড়ার আগেও চালককে কয়েকদফা সাবধান করেছিলো আরোহী শিক্ষার্থীরা। বেঁচে যাওয়া কয়েকজনের অভিযোগ, দুর্ঘটনার আগমুহূর্তেও চালক মোবাইল ফোনে কথা বলছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 03:51 PM

Updated : 07 Jul 2022, 08:58 PM

চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি ডোবায় পড়ার আগেও চালককে কয়েকদফা সাবধান করেছিলো আরোহী শিক্ষার্থীরা। বেঁচে যাওয়া কয়েকজনের অভিযোগ, দুর্ঘটনার আগমুহূর্তেও চালক মোবাইল ফোনে কথা বলছিলেন।

সোমবার দুপুরে মিরসরাইয়ের ওই দুর্ঘটনার পর এ পর্যন্ত ৪৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের প্রায় সবাই শিক্ষার্থী। মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা দেখে ফেরার পথে তাদের বহনকারী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

ট্রাকের সঙ্গে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলেও প্রাণে বেঁচে যায় আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিজাম।

সে জানায়, দুর্ঘটনার কিছু সময় আগেও চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। মিরসরাই সদর থেকেই 'উল্টা-পাল্টা' গাড়ি চালাচ্ছিলেন তিনি।

পুলিশ বলছে, ট্রাকের চালক মফিজ উদ্দিন দুর্ঘটনার পর থেকেই পলাতক।

নিজাম জানায়, চালককে বারবার অনুরোধ করার পরও তিনি সাবধান হননি। আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কে একটি লোহার ব্রিজ অতিক্রম করে একটি 'ভটভটি'কে সাইড দিতে গিয়ে সেটি পাশের ডোবায় পড়ে যায়।

শুধু নিজাম নয়, বেঁেচ যাওয়া এমরান, বোরহান, বাদশা, নোমান- সবাই চালকের অমনোযোগিতাকেই দুর্ঘটনার কারণ বলে দায়ী করেছে।

শিক্ষার্থীরা জানায়, বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে মগাদিয়া অরফানেজ প্রাথমিক বিদ্যালয়ের খেলা দেখতে মিরসরাই স্টেডিয়ামে গিয়েছিল তারা। খেলা শেষে মিরসরাই স্টেডিয়াম থেকেই ট্রাকটি ভাড়া করা হয়। স্থানীয় মেম্বার সঞ্জীব বাবু এটি ভাড়া করে দেন।

দুর্ঘটনার আগে বড়তাকিয়া এলাকায় ১৫ জন নেমে যায়। তা না হলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তো বলেই আশঙ্কা তাদের।

এর আগে স্কুলের খেলোয়াড়রা দুটি অটোরিকশায় করে স্কুলে ফিরে যায় বলে শিক্ষার্থীরা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/জেকে/২১৪৭ ঘ.