মাদারীপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে চরগোবিন্দপুর রাজারচর গ্রামে দুই ভাইকে হত্যার দায়ে ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সোমবার বিকালে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত দুই ভাই হত্যা মামলার রায়ে এ দণ্ডাদেশ দেয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- মহিম ফরাজী, রাজিব ফরাজী, নরেন্দ্র মণ্ডল, বিকাশ মণ্ডল, রিয়াজ ফরাজী ও আহসান বেপারী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পী সাংবাদিকদের জানান, চরগোবিন্দপুর রাজারচর গ্রামের দুই ভাই নজরুল চৌকিদার ও তাজুল চৌকিদার একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন।
এই দুই ভাই যাতে মামলায় সাক্ষ্য দিতে না পারে তার জন্য ২০০৩ সালের ১৩ মার্চ রাতে আসামিরা পুলিশের ছদ্মবেশে তাদেরকে বাড়ি থেকে ডেকে আনে। পরে গুলি করে ও কুপিয়ে তাদের হত্যা করে। আসামিরা সবাই চরমপন্থী বলে দাবি করেন আইনজীবী।
নজরুল ও তাজুলের ছোট ভাই মনির হোসেন চৌকিদার ১৪ মার্চ মাদারীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
আদালত রায়ে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়।
মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১১৫ ঘ.
bdnews24