২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী হয়রানি, অভিযুক্ত শিক্ষক অবরুদ্ধ

ছাত্রীকে যৌন হয়ারনির চেষ্টার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক শিক্ষককে দুইঘণ্টা অটক রেখেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

মৌলভীবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে যৌন হয়ারনির চেষ্টার অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক শিক্ষককে দুইঘণ্টা অটক রেখেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে দিলদারপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে রফিকুল আলম (৩৫) নামের ওই সহকারী শিক্ষককে উদ্ধার করে। শিক্ষার্থীদের বরাত দিয়ে দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র কুমার দাস সাংবাদিকদের জানান, কিছুদিন আগে রফিকুল আলম ষষ্ট শ্রেণীর এক ছাত্রীকে শ্রেণীকক্ষে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। ওই সময় মেয়েটির চিৎকারে সহপাঠীরা ছুটে এলে সে রক্ষা পায়। পরে তারা বিষয়টি শিক্ষকদের জানায়। গত ৩০ জুন ছাত্রীটির বাবাসহ পাঁচজন অভিভাবক ঘটনাটি বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধুরীর কাছে লিখিতভাবে জানান। এরপর থেকে অভিযুক্ত শিক্ষক রফিকুল বিদ্যালয়ে আসেননি। সোমবার দুপুরে বিদ্যালয়ে এসে ক্লাস নিতে চাইলে শিক্ষার্থীরা তাকে একটি কক্ষে আটকে রেখে বিক্ষোভ করে। প্রধান শিক্ষক বলেন, "রফিকুল আলম তার ভুল স্বীকার করেছেন। আগামী ১৯ জুলাই পরিচালনা পর্যদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" কুলাউড়া থানার ওসি কামরুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশকে খবর দেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান। অভিযুক্ত শিক্ষক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি ইউএনও মো. হাফিজুর রহমান ছুটিতে থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.