ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি পূরণ এবং নির্যাতন বন্ধ না হলে লাগাতার হরতালের হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরতাল চলাকালে সারাদেশে ইসলামী আন্দোলনের ১২ শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। হরতাল শেষ হওয়ার পরও আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ও পুলিশি নির্যাতন চলছে।
"অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি এবং নির্যাতন বন্ধ করে দাবি মেনে না নিলে লাগাতার হরতাল পালন করা হবে।"
সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি বাদ দেওয়ার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর 'উস্কানীমূলক' বক্তব্যে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের ওপর পুলিশ, র্যাব ও আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেন চরমোনাই পীর।
হরতালের দিন বিভিন্নস্থানে সংঘর্ষের জের ধরে এখনো পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা তার নেতাকর্মীর ওপর হামলা করছে বলে অভিযোগ করেন তিনি।
সংঘর্ষের পর থেকে ইসলামী আন্দোলনের নয় কর্মী নিখোঁজ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন চরমোনাই পীর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-মহাসচিব ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম।
একই দাবিতে রোববার সকাল ৬টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টা সারাদেশে হরতাল পালন করে বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ১১টি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৮৪৫ ঘ.
bdnews24