ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে ১৭ কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এদের মধ্যে ১৩ জন উপসচিব, তিনজন সিনিয়র সহকারী সচিব ও একজন সহকারী সচিব।
উপসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত মোমেনা খাতুনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মু. মোহসীন চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব আবদুল আলীম ও মোহাম্মদ শফিকুল করিমকে একই মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এসএম মঞ্জুরুল হান্নান খানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আবু তাজ মো. জাকির হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিনিয়োগ বোর্ডের সচিব সুলতান মাহমুদকে রেলপথ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হারুন উজ জামান ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয়, নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গাউস ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত খোন্দকার মো. আব্দুল হাইকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিইডিপি-১ কর্মসূচির যুগ্ম-কর্মসূচি পরিচালক চৌধুরী মুফাদ আহমেদকে ওএসডি করে পিইডিপি-২ ও ৩ প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করার জন্য একই মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় নির্মাণ (প্রথম পর্যায়ে চারটি) প্রকল্পের প্রকল্প পরিচালক আতিকুল হককে ওএসডি করে 'জেলা ও বিভাগীয় পর্যায়ে ১১টি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় নির্মাণ' প্রকল্পের প্রকল্প পরিচালক পদে দায়িত্ব পালনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা বৃত্তি প্রকল্পের সহকারী পরিচালক কাজী মোহাম্মদ হাসানকে চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও লুলু বিলকিস বানুকে বিদ্যুৎ বিভাগে সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব নুরজাহানা খানমকে বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব পদে পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৩১ ঘ.
bdnews24