মিঠুন চৌধুরী
মিরসরাই থেকে
মিরসরাই, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মিনি ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৪৩ শিক্ষার্থীসহ অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল তারা।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কের মায়ানি সৈয়দ আলী গ্রামে স্মরণকালের ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে যোগাযোগ মন্ত্রণালয়। চালককে আসামি করে একটি মামলা হয়েছে থানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব জানান, মিরসরাই স্টেডিয়ামে সোমবার বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে মগাদিয়া অরফানেজ প্রাথমিক বিদ্যালয়ের খেলা ছিল। খেলা শেষে প্রাথমিকের খেলোয়াড়রা অটোরিকশায় করে স্কুলে ফিরে যায়। আর খেলা দেখতে আসা আবু তোরাব উচ্চ বিদ্যালয়, আবু তোরাব ফাজিল মাদ্রাসা ও প্রফেসর কামাল উদ্দিন কলেজের শিক্ষার্থীরা ভাড়া করা একটি ছোট ট্রাকে করে আবু তোরাব বাজারের উদ্দেশে রওনা হয়।
১৩ নম্বর মায়ানি ইউনিয়নের মধ্যম মায়ানি সৈয়দ আলী গ্রামে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আরোহীসহ ট্রাকটি পাশের ডোবায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও র্যাব ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।
স্থানীয়দের মতে, দুর্ঘটনার সময় ওই ট্রাকে ৬০ থেকে ৭০ জন ছিল।
মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এসে কিছু লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। আর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৩১টি লাশ উদ্ধার করে মীরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স, মীরসরাই মাতৃকা হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
"এই অবস্থায় পুলিশের দুটি দল স্থানীয় গ্রামগুলোতে গিয়ে দুর্ঘটনায় নিহতদের তথ্য সংগ্রহ করে। সব মিলিয়ে ৪৪ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি আমরা। এদের অধিকাংশই কিশোর বয়সী," যোগ করেন তিনি।
এছাড়া আরো ১২ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জামাল উদ্দিন।
জেলার পুলিশ সুপার জেড এ মোরশেদ জানান, ফায়ার ব্রিগেডের কর্মীরা বিকেল পৌনে ৫টার দিকে রাস্তার পাশের ডোবা থেকে ট্রাকটি তুলে আনেন। এরপর নৌবাহিনীর ৬ জন ডুবুরি আরো ঘণ্টাখানেক ডোবায় তল্লাশি চালান।
ডুবুরিরা উঠে আসার পরপরই উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয় বলে ওসি ইফতেখার হাসান জানান।
নিহতদের মধ্যে ২৭ জনের নাম জানা গেছে। এর হলো- ধ্র"ব নাথ (১৭), রনি (১৫), ইমরান (১৭), ইফতেখার (১৬), আনন্দ দাশ (১২), জাহিদুল (১৩), কামরুল (১৬), টিটু দাশ (১৬), লিটন দাশ (১৭), জাহিদুল ইসলাম (১৬), স্বপন দেবনাথ, রাজু, রাজীব, শুভ, সাজু, রফিকুল, আরিফ, সাজ্জাদ, জুয়েল, মেজবাহ উদ্দিন, জুয়েল, সাইদুল (১৬), শামসুদ্দিন রনি, মেজবাহ উদ্দিন (১৮), সাখাওয়াত হোসেন (১২) ও শামসুদ্দিন (১২) ও আনোয়ার (৩০)। পুলিশ বাকিদের নাম জানাতে পারেনি।
এদিকে দুপুরে উদ্ধার কাজ শুরু করতে দেরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীর দুটি গাড়ি ভাংচুর করে বলে সীতাকুণ্ড ফায়ার ব্রিগেডের কর্মকর্তা আব্দুল মুত্তালিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
শিক্ষার্থীদের লাশ পৌঁছানোর পর শোকের মাতম শুরু হয় আবু তোরাব বাজারে। মিরসরাইয়ের তিন ইউনিয়ন মায়ানী, মগাটিয়া ও কৈয়াছড়ার প্রতিটি গ্রামের কেউ না কেউ হতাহত হয়েছে এই দুর্ঘটনায়।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় হাসপাতাল থেকে পুলিশের সহযোগিতায় স্বজনরা লাশ নিয়ে আসেন আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানেই সন্ধ্যায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জানাজা হয়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যায় আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের জানাজাতেও অংশ নেন তিনি। জানাজা শেষে নিহত শিক্ষার্থীদের স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি জানান, মৃতদেহ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।
অন্যদের মধ্যে জেলা পুলিশের ডিআইজি নওশের আলী, বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম জেলা প্রাশাসক ফয়েজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ স্থানীয় জন প্রতিনিধিরা জানাজায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইন্সটিটিউটের গবেষক কাজী জাকারিয়া ইসলাম বলেন, গত কয়েক বছরের মধ্যে আর কোনো সড়ক দুর্ঘটনায় এতো বেশি হতাহতের ঘটনা ঘটেনি। স্মরণকালের মধ্যে এটাই সবচে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
তদন্ত কমিটি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যর একটি তদন্ত কমিটি করেছে যোগাযোগ মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নির্দেশে এই কমিটি করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ইবনে আলম হাসানকে এই কমিটির প্রধান করা হয়েছে।
চালককে আসামি করে মামলা
এদিকে দুর্ঘটনার জন্য মিনিট্রাকের চালক মফিজ উদ্দিনকে আসামি করে সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই থানায় একটি মামলা করেছেন ১৩ নম্বর মায়ানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ নিজামী।
মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মফিজ উদ্দিন ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।
শোক
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
জাতীয় সংসদের স্পীকার মো. আবদুল হামিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম, সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল
bdnews24