মাদারীপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের টাকা না পেয়ে মাদারীপুরে খাদিজা আক্তার (১৯) নামে এক নববধূকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সদর উপজেলার লক্ষীগঞ্জ গ্রামে রোববার প্রথম প্রহরে আহাদাত কাজী শ্বাসরোধ করে খাদিজাকে হত্যা করে পালিয়ে যায়।
সদর থানা ওসি কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মাস আগে লক্ষীগঞ্জ গ্রামের মোছলেম কাজীর ছেলে আহাদাত কাজীর সঙ্গে একই গ্রামের বাবুল বেপারীর মেয়ে খাদিজার বিয়ে হয়।
বাবুল বেপারী বলেন, "বিয়ের সময় দুই মাসের মধ্যে ৩০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা স্বীকার করেছিলাম। ১০ হাজার টাকা দিয়েছিলামও। কিন্তু বাকি টাকা সময়ের মধ্যে দিতে না পারায় খাদিজাকে হত্যা করা হয়।"
"এ নিয়ে শনিবার রাতে খাদিজার সঙ্গে স্বামী ও শ্বশুরের বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে খাদিজার স্বামী-শ্বশুর মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।"
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭১২ ঘ.
bdnews24