২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের ৪৭ নেতা-কর্মী গ্রেপ্তার

হরতালে বন্দর নগরীর বিভিন্ন এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 07:33 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বন্দর নগরীর বিভিন্ন এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৯টার মধ্যে নগরীর দেওয়ানহাট, বহদ্দারহাট ও সিইপিজেড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত কয়েকটি ইসলামী দলসহ ১২টি দল রোববার সকাল ৬টা থেকে ৩০ ঘণ্টার এ হরতালের ডাক দিয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা মহানগর কার্যালয় থেকে লাঠি নিয়ে দেওয়ানহাট মোড় এলাকায় মিছিলের চেষ্টা করলে আট জনকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় দফায় সকাল সাড়ে ৯টার দিকে আবারো লাঠি মিছিল বের করার চেষ্টা করলে আরো আট জনকে গ্রেপ্তার করা হয়। এরপর দেওয়ানহাট এলাকার আজমা কমপ্লেক্সে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখে পুলিশ। একই সময়ে বহদ্দারহাট মোড়ে লাঠি মিছিলের চেষ্টা করলে ১৫ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সিইপিজেড সংলগ্ন লেবার কলোনীর পাশের গলি থেকে ১৬ জন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম অভিযোগ করেন, হরতালে নগরীর বহদ্দারহাট, দেওয়ানহাট, ইপিজেড, অলংকার, পাহাড়তলি ও খুলশী এলাকা থেকে মোট ১১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকাল ৪টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া না হলে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি। সকাল থেকে নগরীর প্রধান সড়কগুলোতে কম সংখ্যক প্রায় সব ধরণের যানবাহন চলাচল করতে দেখা গেছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকেই বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠা-নামার কাজ চলছে। মালামাল ট্রাকেও উঠানো হচ্ছে। ওদিকে লালখানবাজার মোড়ে হরতাল বিরোধী সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরআরডি/আরএ/১৩৩০ ঘ.