২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে আটক, লাঠিপেটা

আটক আর লাঠিপেটার মধ্য দিয়ে ১২টি দলের ৩০ ঘণ্টার হরতাল চলছে। ঢাকার রাস্তায় গাড়ি চলাচল অন্য হরতালের চেয়ে বেশি দেখা যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 03:34 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক আর লাঠিপেটার মধ্য দিয়ে ১২টি দলের ৩০ ঘণ্টার হরতাল চলছে। ঢাকার রাস্তায় গাড়ি চলাচল অন্য হরতালের চেয়ে বেশি দেখা যাচ্ছে। সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত ১১টি দল এক জোট হয়ে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদাভাবে এ হরতাল ডেকেছে। এতে সমর্থন দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। ঢাকায় হরতালকারীদের যা একটু তৎপরতা চোখে পড়েছে, তা পুরানা পল্টন কেন্দ্রিক। অন্য স্থানগুলোতে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছে। সেখানে বসেই স্লোগান দিচ্ছে তারা। মিছিলের চেষ্টা করেও পুলিশের বাধায় দুপুর পর্যন্ত সফল হয়নি তারা। কার্যালয় থেকে বের হতে গেলেই পুলিশ কর্মীদের আটক করছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের আমির এটিএম হেমায়েত উদ্দিন সাংবাদিকদের বলেন, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সারাদেশ থেকে প্রায় ৫০০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। "দাবি আদায়ে আন্দোলন চলছে, চলবে। পুলিশ যেভাবে নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে, তাতে মনে হচ্ছে যেন স্বৈরাচারী সরকারের যুগ চলছে", দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব নেজামউদ্দিনসহ ১০ জনকে সকালে আটক করা হয়। এরপর থেকে ওই দলের কার্যালয় কার্যত নেতাকর্মীশূন্য হয়ে পড়েছে। হরতালের শুরুতে মিছিল করতে গিয়ে সারাদেশে অর্ধশত নেতাকর্মী পুলিশের হাতে আটক হয়েছে বলে দলটির নায়েবে আমির আরুর রব ইউসুফী জানিয়েছেন। হরতালে সমর্থন দিলেও নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের দেখা যায়নি। তবে জলকামান ও রায়ট কার নিয়ে পুলিশের অবস্থান রয়েছে সেখানে। সকাল সাড়ে ১০টার পর কার্যালয়ের প্রধান ফটক পুলিশ বন্ধ করে দেয়। হরতালে ঢাকায় বাস চলাচল অন্য হরতালের চেয়ে বেশি দেখা যাচ্ছে। সড়কে অনেক রিকশা ও টেম্পুও চলছে। তবে দূরপাল্লার বাস চলাচল প্রায় বন্ধ রয়েছে। ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক এবং অন্য হরতালের চেয়ে যাত্রীর সংখ্যাও বেশি দেখা যাচ্ছে। গাবতলী বাস টার্মিনাল সকাল থেকেই সাভার ও নবীনগরের পথে বাস ছাড়তে দেখা যায়। দুপুরের পর থেকে আরিচাগামী গাড়িগুলোও চলাচল শুরু করবে বলে বাস চালকরা জানিয়েছেন। সায়েদাবাস টার্মিনাল থেকেও কিছু বাস ছেড়েছে। সংবিধান সংশোধনের প্রতিবাদে বিএনপিসহ চার দলের ডাকে গত বুধ ও বৃহস্পতিবার দেশে দুদিন হরতাল চলে। এরপর দুদিন ছিলো সাপ্তাহিক ছুটি। এরপরই ৩০ ঘণ্টার এ হরতাল শুরু হয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের হরতাল শুধু রোববার, অন্য দলগুলোর কর্মসূচি চলবে সোমবার দুপুর ১২টা পর্যন্ত। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদে হরতাল আহ্বানকারী অন্য ১১টি দল হলো- বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি এবং নেজামে ইসলাম পার্টি। তারা সংবিধান সংশোধন নিয়ে আপত্তি জানালেও সরকার বলছে, এ হরতাল অযৌক্তিক। কারণ সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিসমিল্লাহ' এখনো বহাল রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেটি/এসআই/এসএম/এমআই/১৩৩০ ঘ.