সিলেট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বাগবাড়ি এলাকার সরকারি সেফ হোম (শিশু-কিশোর অপরাধীদের সরকারি নিরাপত্তা হেফাজতখানা) থেকে খুনের মামলায় অপরাধী এক কিশোর পালিয়ে গেছে।
পুলিশ জানায়, অপরাধী মনজুর আহমদ দুলু (১৬) শনিবার সকালে সেফ হোমের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।
সরকারি নিরাপত্তা হেফাজতখানা থেকে মনজুরের পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেফ হোম কর্তৃপক্ষ দিনভর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলাইজুড়া গ্রামে গত ১১ জুন মনসুর আহমদ লেবু (২৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ লেবুর ছোট ভাই মনজুর ও তার বাবা আফতাব আলীকে গ্রেপ্তার করে।
পরে জগন্নাথপুর থানায় মনজুর ও আফতাব আলীকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়। আদালত আফতাব আলীকে জেল হাজতে এবং মনজুর কিশোর হওয়ায় তাকে সেফ হোমে পাঠানোর আদেশ দেয়। গত ১২ জুন থেকে মনজুর সেফ হোমে অন্তরীণ ছিলো।
সেফ হোমের তত্ত্বাবধায়ক (অতিরিক্ত) নিবাস রঞ্জন দাস জানান, শনিবার ভোরবেলায় কর্তব্যরত নারী আনসার সদস্যরা ডরমেটরির জানালার গ্রিল ভাঙা দেখে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে সেফ হোমের বাসিন্দাদের গণনা করে দেখা যায় মনজুর পালিয়েছে।
তাৎক্ষণিক আশপাশ এলাকায় খোঁজাখুুঁজি করে তাকে না পাওয়ায় বিকেলে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিবাস রঞ্জন দাস জানান, সেফ হোমে বর্তমানে ৩৪ জন শিশু-কিশোর অপরাধী রয়েছে। এরমধ্যে ১৯ জন মেয়ে ও ১৫ জন ছেলে। আবাসনের সুবিধা না থাকায় ছেলেদের ডরমেটরিতে রাখা হয়।
শনিবার ভোরে ডরমেটরিতে পাঁচ নারী আনসার সদস্য দায়িত্বে ছিলেন। তাদের ধারণা, ভোর সাড়ে ৫টার দিকে মনজুর পালিয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নিবাস রঞ্জন।
সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম জানান, দিনভর খোঁজাখুঁজি করেও মনজুরকে না পাওয়ায় সাধারণ ডায়েরিকে মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৪৬ ঘ.
bdnews24