ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শনিবার রাতে তিনি দেখা করেন।
সাক্ষাতের পর সংবাদ ব্রিফিংয়ে সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলেন, "বিদায়ী হাইকমিশনার বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বিগ্ন হওয়ার কথা জানিয়েছেন।"
"হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন, আগামীতে সবার অংশগ্রহণে ও সবার কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে এই অবস্থার উত্তরণ ঘটতে পারে।"
শমসের মবিন জানান, পৌনে এক ঘণ্টার সাক্ষাতে দুইদেশের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
তিনি জানান, বাংলাদেশে অবস্থানকালে বিরোধীদলীয় নেতার সহযোগিতার জন্য তার প্রতি ইভান্স কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক প্রশ্নের জবাবে শমসের জানান, সাক্ষাতে সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার বিষয়টি আলোচনায় উঠে আসে।
"হাইকমিশনার বলেছেন, 'একটি গণতান্ত্রিক দেশে একজন বিরোধীদলীয় প্রধান হুইপের ওপর এ ধরণের পুলিশি হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা দুঃখজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৫২ ঘ.
bdnews24