২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনূসের নোবেল পাওয়ার পেছনে ছিলেন হাসিনা'

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল জয়ের পেছনে শেখ হাসিনার অবদান রয়েছে। তা নাহলে নোবেল জয় তার পক্ষে সম্ভবপর হতো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল জয়ের পেছনে শেখ হাসিনার অবদান রয়েছে। তা নাহলে নোবেল জয় তার পক্ষে সম্ভবপর হতো না। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) যুগপূর্তির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বে পরিচিত করতে হাসিনার অবদান তুলে ধরে আশরাফ বলেন, "মাইক্রোক্রেডিটকে বিশ্বব্যাপী পরিচিত করিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকায় মাইক্রোক্রেডিটের বিশ্বব্যাপী সম্মেলনে ইউনূস সাহেবকে সবার সামনে পরিচিত করিয়ে দেন এই শেখ হাসিনা। সেদিন সেখানে আমেরিকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, স্পেনের রানীসহ অনেকেই ছিলেন।" "শেখ হাসিনা সেদিন ইউনূস সাহেবকে পরিচয় করিয়ে না দিলে তিনি বিশ্বব্যাপী পরিচিতও হতেন না, আর নোবেল পুরস্কারও পেতেন না", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩১৫ ঘ.