বগুড়া, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনার প্রবল স্রোতে বগুড়ার ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্পারের ৩০ মিটার অংশ ধসে পড়েছে শুক্রবার।
এর আগে গত বছরের ৪ জুলাই পানির প্রবল স্রোতে স্পারটি দ্বিখণ্ডিত হয়েছিল। তখন স্পারটি আর মাত্র ২০০ মিটার অবশিষ্ট ছিল।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বগুড়ার উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল হক জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে স্পারের কাছে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এতে স্পার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্পার রক্ষার কাজ শুরু করা হবে।
বর্তমান যমুনা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, ধুনট উপজেলার গোসাইবাড়ি ও ভান্ডারবাড়ির পূর্ব পাশ দিয়ে বহমান যমুনা নদী। বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন ঠেকাতে ২০০২ সালে এখানে সাতশ' মিটার দৈর্ঘ্যের শহড়াবাড়ি ১ নম্বর স্পার নির্মাণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৭ ঘ.
bdnews24