মুন্সীগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবিতে নিখোঁজ আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিনগরের কাছে শীতলক্ষ্যা নদীতে ভাসমান এই তিন লাশ পাওয়া যায়।
এরা হলেন- নারায়ণগঞ্জের গলাচিপার রতন চন্দ্র ঘোষ (৫৫), চাঁদপুরের মতলবের উত্তর উপজেলার লালপুর গ্রামের রাহিম (১) ও অঞ্জাত (৮) একজন।
এ নিয়ে ১২ জনের লাশ উদ্ধার করা হলো। এর আগে নয়টি লাশ উদ্ধার করা হয়েছিল।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নারায়ণগঞ্জের বন্দর থানার চর মুক্তারপুরের কাছে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর মোহনায় 'এমএল মদিনার আলো' নামের লঞ্চটি ডুবে যায়।
এই ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন।
লঞ্চটিকে ধাক্কা দেওয়ার অভিযোগ আটক ওটি শীতলক্ষ্যার সারেং ফারুক হোসেন ও সুকানি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ প্রতিটি তিন সদস্যের পৃথক দু'টি কমিটি গঠন করেছে। কমিটি দু'টির প্রধান হলেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের নিরীক্ষা বিভাগের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ'র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা পরিচালক শফিকুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24