জয়পুরহাট, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে।
কারা কর্তৃপক্ষ জানায়, বিকালে বুকে ব্যথা শুরু হলে আনোয়ার হোসেন (৫৫) নামের ওই কয়েদিকে জেলা আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাতে তিনি মারা যান।
আনোয়ার আক্কেলপুর উপজেলার পশ্চিম মাতাপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
নেশা করার দায়ে আনোয়ারকে গত ২ জুলাই আক্কেলপুরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রফিকুন্নবী ছয়মাসের কারাদণ্ড দেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে আনোয়ার নেশাগ্রস্ত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে আনা হয়। রাতে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৪ ঘ.
bdnews24