বাগেরহাট, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি ও যুবলীগ একই স্থানে সভা আহবান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা প্রশাসন মাইকিং করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করে।
ওই স্কুল মাঠে শুক্রবার সকাল ১০টায় সংগঠন দুটি সভা আহ্বান করেছিলো।
মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান বলেন, উপজেলার সব ইউনিটে গত কয়েক দিন ধরে বর্ধিত সভা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে স্কুল মাঠে মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগ এবং পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা আহবান করা হয়। কিন্তু উপজেলা বিএনপি ওই স্থানে হঠাৎ করে সেখানে সভা ডাকলে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল আখতার দাবি করেন, তিন দিন আগেই বিএনপির পক্ষ থেকে উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠনের ওই স্থানে সভা ডাকা হয়েছিলো।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহোর আলী এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুটি সংগঠনের কেউই প্রশাসনের কাছ থেকে স্কুল মাঠ ব্যবহারের অনুমতি নেয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান মোরেলগঞ্জ থানার ওসি আব্দুল খালেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৭১৫ ঘ.
bdnews24