গাজীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে হরতাল চলাকালে অগ্নিসংযোগ ও গাড়ি চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে যুবদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে টঙ্গী ও কালিয়াকৈর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া বাস পোড়ানোর ঘটনায় টঙ্গী থানা পুলিশ একটি মামলা দায়ের করেছে।
গ্রেপ্তার চারজন হলেন টঙ্গীর ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম (২৮), সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (২৭), ১২ নম্বর ওয়ার্ড সদস্য আমির হোসেন (৩০) এবং কালিয়াকৈর উপজেলার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি সেলিম মোল্লা।
টঙ্গী থানার উপ-পরিদর্শক শাহানাজ জমির জানান, গত দু'দিনে টঙ্গীতে তিনটি বাস পোড়ানের অভিযোগে টঙ্গীর তিন যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাস পোড়ানোর ঘটনায় টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. মান্নান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈর থানার ওসি মো. আমির হোসেন বলেন, যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগে কালিয়াকৈরের এক ওয়ার্ড যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.
bdnews24