চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ১২টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির তালিকা দিতে সংশ্লিষ্টদের ১৫ দিন সময় বেঁধে দিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি।
বুধবার দুপুরে চট্টগ্রাম সাকির্ট হাউজে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খানের সভাপতিত্বে বৈঠকে নগরীর বিভিন্ন পাহাড় থেকে অবৈধ বসবাসকারীদের তালিকা প্রস্তুত, পুনর্বাসন, পাহাড় দখলমুক্ত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
২০০৭ সালে চট্টগ্রাম সেনানিবাসের লেবু বাগান ও লালখান বাজার মতিঝর্ণায় ভয়াবহ পাহাড় ধস ঘটনার পর চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা ও দুর্যোগ নিয়ন্ত্রণে সে সময় শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। সে সময় ওই কমিটির উপকমিটি মহানগরীর ১২টি পাহাড়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রথম দফায় সিসিসির কাছে বসতির তালিকা চেয়েছিলো।
নগরীর বাটালি হিলে পাহাড় রক্ষায় নির্মিত প্রতিরোধ দেয়াল ধসে ১৭ জনের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে কমিটির বৈঠকে ফের একই তালিকা দেওয়ার তাগিদ দেওয়া হয়।
এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি), চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), রেলওয়ে পূর্বাঞ্চল, দমকল বাহিনী, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও গণপূর্ত বিভাগের কোনো প্রতিনিধি ছিলেন না।
সিরাজুল হক খান বলেন, "সিসিসি, সিডিএ, ওয়াসা, রেলওয়ে ও গণপূর্ত বিভাগের মালিকানাধীন ১২ পাহাড়ে অবৈধ বসতি স্থাপনকারীদের একটি তালিকা করে আগামী ১৫ দিনের মধ্যে কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।"
এ ছাড়া বাটালি হিলের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে সিসিসিকে লিখিতভাবে বলা হবে বলেও জানান তিনি।
পাহাড় ছাড়লে প্রণোদনা
সিরাজুল হক খান বলেন, একটি তালিকা অনুসারে পাহাড় ছেড়ে নিরাপদ স্থানে বসবাস স্থাপনকারীদের মাসিক ভিত্তিতে এক বছর প্রণোদনা দেওয়া হবে।
তবে ব্যক্তিমালিকানাধীন পাহাড়ের অবৈধ স্থাপনা পাহাড় মালিকদেরই সরিয়ে নিতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমেদ সভায় বলেন, নগরীর বিভিন্ন পাহাড়ের জমি দখল করে ঘর নির্মাণ করে যারা ভাড়া দিয়েছেন তাদের চিহ্নিত করে মামলা করা হবে।
সমন্বয় না থাকায় ক্ষোভ
১ জুলাই দুর্ঘটনাস্থলে সিডিএ'র কোনো প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ।
তিনি বলেন, কারিগরি পরামর্শ তারা দিতে পারতেন। কিন্তু সিডিএ'র কেউ ঘটনাস্থলে যাননি। বিভিন্ন সরাকরি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত থাকলেও নিজ নিজ বিভাগে নেতৃত্ব দেওয়ার কেউ ছিল না। সমন্বয়হীনতা ছিল প্রবল।
দমকল বাহিনীর উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ সরঞ্জামের অপ্রতুলতার কথা তুলে ধরে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের আবেদন জানান।
নেপথ্যে ভোটের রাজনীতি
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জাফর আলম বলেন, নগরীর বিভিন্ন পাহাড়ে স্থাপিত বসতি উচ্ছেদের অতীত উদ্যোগ ব্যর্থ হওয়ার পেছনে ভোটের রাজনীতি দায়ী।
"এখানে ভোটের বিষয় জড়িত, তাই রাজনৈতিক নেতারা উচ্ছেদে অসহযোগিতা করেন।"
এ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, স্থানীয় সাংসদ ও ওয়ার্ড কাউন্সিলরদের চিঠি দিয়ে কমিটির বৈঠকে আসার আহ্বান জানাবো। যদি কারো ভোটের বিবেচনা থাকে তাদের আবেদন জানাবো অপসারণে সহায়তা করতে।
অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খালি জমিতে বনায়নে সহায়তা দেওয়ার জন্য তিনি বন বিভাগকে অনুরোধ করেন।
সভায় অন্যদের মধ্যে সিসিসির সচিব সামসুদ্দোহা, রেলওয়ে পূর্বাঞ্চলের ডিভিশনাল স্টেট অফিসার রশিদ আহম্মদ, সিডিএর প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/পিডি/২১২০ ঘ.
bdnews24