২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছাত্রীসহ দু'জনের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর এলিফ্যান্ট রোড ও পল্লবীতে কলেজ ছাত্রীসহ দু'জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোড ও পল্লবীতে কলেজ ছাত্রীসহ দু'জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এলিফ্যান্ট রোডে আইরিন শারমিন (১৮) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিষপানে আত্মহত্যা করেন। মৃতের বাবা মো.আয়নুল হক শারমিনকে সকাল ৯টার দিকে ১৩ নম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আয়নুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন শারমিন ছটফট করছে। তখন তাকে মেডিক্যালে নিয়ে আসেন। আত্মহত্যার কারণ জানাতে পারেননি তিনি। দুই ভাই এক বোনের মধ্যে সকলের ছোট শারমিন ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে পড়তেন বলে জানান আয়নুল। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনরা নিয়ে গেছে বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পল্লবীতে রাস্তা পার হওয়ার সময় চয়েস পরিবহনের একটি বাসের ধাক্কায় মোস্তাফা কাজী (৫০) নামে এক ব্যক্তি আহত হন। দুপুর সাড়ে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা ৯২ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর ইউনিটের আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক ছিলেন বলে জানান মোস্তাফার ভাগ্নে ফিরোজ আহম্মেদ। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার শাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িচালক মো. মিজানকে (৩০) গাড়িসহ আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/১৯৪৮ ঘ.