২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও টঙ্গীতে ২ শ্রমিকের লাশ উদ্ধার

সাভারে এক পোশাক শ্রমিক ও টঙ্গীতে এক ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এক পোশাক শ্রমিক ও টঙ্গীতে এক ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে তাদের হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাভারে নিহত মো. ইব্রাহিম কালিয়াকৈর এলাকার পরশ আলীর ছেলে ও স্থানীয় পলাশ গার্মেন্টস-এর শ্রমিক। টঙ্গীতে নিহত নিরঞ্জন চন্দ্র সাহা (২৫) নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সোনাজর গ্রামের মৃত সুবোধ চন্দ্র সাহার ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- সাভার : সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার কালিয়াকৈর এলাকায় খুন হয়েছেন মো. ইব্রাহিম। বুধবার রাত ৮টার দিকে ইব্রাহিমকে তার ভগ্নিপতি জামাল উদ্দিন চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বাজারে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। রাতে কোথাও তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয় ইব্রাহিমের পরিবার। পরে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পুলিশ বিরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে শশা খেত থেকে তার লাশ উদ্ধার করে। তাকে ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। দুপুরে ময়না তদন্তের জন্যে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি জানান, ইব্রাহিমের পিতা পরশ আলী এ ব্যাপারে জামাতা জামাল উদ্দিন ছাড়াও কামাল, জসিম, বাদশা ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরশ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বড় মেয়ে হাসিনা আক্তারকে যৌতুকের দাবিতে স্বামী জামাল উদ্দিন প্রায়ই মারধর করতো। ইব্রাহিম তা দেখে ফেলে এবং থানায় মামলা করার ভয় দেখায়। এতেই ক্ষিপ্ত হয়ে যায় জামাল। তিনি অভিযোগ করেন, জামাল উদ্দীন বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে ইব্রাহিমকে হত্যা করেছে। জামাল ইতোমধ্যে সাতটি বিয়ে করেছে, যা তারা জানতেন না বলে জানান পরশ আলী। গাজীপুর : টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম সাংবাদিকদের জানান, পাগার এলাকায় বিসিক ফকির মার্কেটে নওরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিরঞ্জন ও হুমায়ুন কাজ করতেন। তারা ওয়ার্কশপের পেছনের অংশে মেস করে থাকতেন। স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে খাওয়ার সময় খাবার কম পেয়ে হুমায়ুন ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে হুমায়ুন ও নিরঞ্জনের ঝগড়া হয়। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মালিক এসে ওয়ার্কশপটি তালাবদ্ধ দেখেন। কোনো কর্মচারীকে না পেয়ে মালিক অতিরিক্ত চাবি দিয়ে তালা খুলে ওয়ার্কশপের ভিতরে নিরঞ্জনের গলা কাটা লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। এসআই জানান, নিরঞ্জনের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে। এ ঘটনায় ওয়ার্কশপের মালিক আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকালে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭০৫ ঘ.