২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক কর্মকর্তার চাকরির মেয়াদ বৃদ্ধির আদেশ বাতিল

মুক্তিযোদ্ধার ভুয়া সনদ জমা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক সহকারী সচিবের চাকরির মেয়াদ বাড়ানোর আদেশ বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধার ভুয়া সনদ জমা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক সহকারী সচিবের চাকরির মেয়াদ বাড়ানোর আদেশ বাতিল করা হয়েছে। ক্যাডার বহির্ভূত (অধ্বস্তন পদ থেকে পদোন্নতি পাওয়া) এই সহকারী সচিবের নাম জহিরুল হক ভূঞা (১১০০২)। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখার এক আদেশে তার চাকরির মেয়াদ বৃদ্ধির আদেশ বাতিল করা হয়। আদেশে চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে গত ২০০৯ সালের ১ ফেব্র"য়ারি থেকে জহিরুল হককে স্বাভাবিক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে। ২০১০ সালের ১ ফেব্র"য়ারি পর্যন্ত এক বছর সময় তার অবসর পরবর্তী ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়। চাকরির বর্ধিত মেয়াদ বাতিল করায় ২০০৯ সালের ১ ফেব্র"য়ারির পরে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা বাবদে তার নেওয়া আর্থিক সুবিধা অবসরোত্তর পেনশন ও গ্র্যাচুইটি থেকে কেটে নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। জহিরুল ২০১০ সালের ৩ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রত্যায়নপত্র জমা দিয়ে আবেদন করলে তার চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে ৫৯ বছর নির্ধারণ করা হয়। ২০১১ সালের ১৫ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানায়, তারা জহিরুলকে প্রত্যায়নপত্র দেয়নি। সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় তার চাকরির মেয়াদ বৃদ্ধির আদেশ বাতিল করে। এর আগে একই কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব নূরুল আমীনের চাকরির মেয়াদ বৃদ্ধির আদেশও বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএম/জেকে/১৯৪২ ঘ.