২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা ঢাকায়

মনমোহন সিংয়ের সফরের দুই মাস আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনমোহন সিংয়ের সফরের দুই মাস আগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা। বুধবার দুপুর ১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিমান বন্দরে দীপু মনি সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। "প্রধানমন্ত্রীর ভারত সফরের যৌথ ঘোষণাসহ এর আগে দুপক্ষের মধ্যে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি নিয়েও পর্যালোচনা হবে বলে প্রত্যাশা করছি আমি।" কৃষ্ণা সাংবাদিকদের বলেন, দুটি দেশই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মূহুর্তে দাঁড়িয়ে আছে। এ অঞ্চলের উন্নতির স্বার্থে উভয়পক্ষকে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে প্রগতিশীলতা ও বাস্তবতার নিরিখে ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে। বাংলাদেশের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ শুধু ভারতের জন্যই নয়, পুরো অঞ্চলের জন্যই জরুরি- বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০১০ সালের যৌথ ঘোষণার সিদ্ধান্তগুলো বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুদেশই অবিচল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিন দিনের এ সফরে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও তার বসার কথা রয়েছে। কৃষ্ণা আগেই আভাস দিয়েছেন, তার এই সফরে কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। এছাড়া ভারত সরকারের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের উদ্বোধন এবং সেখানে এক সেমিনারে বক্তব্য রাখবেন পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি চূড়ান্ত করা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তির অগ্রগতি পর্যালোচনাই কৃষ্ণার এই সফরের মূল লক্ষ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/১৮৪৯ ঘ.